ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন, রাষ্ট্রপক্ষের স্থগিত আবেদন 

সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন, রাষ্ট্রপক্ষের স্থগিত আবেদন 
×

সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল (ফাইল ছবি)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:১৬

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। জারি করা রুল যথাযথ ঘোষণা করে প্রশ্নে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৯ সেপ্টেম্বর জামিন মঞ্জুর করেন। 

এদিকে ১২ দিন পর জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদনটি দাখিল করা হয়। চেম্বার বিচারপতি এস এম এমদাদুল হক আবেদনটি শুনানির জন্য আগামী ২৬ অক্টোবর দিন রাখেন। 

হাইকোর্টে হাবিবুল আউয়ালের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক, এস এম শাহজাহান ও ব্যারিস্টার সারা হোসেন, আইনজীবী মো. তায়্যিব-উল-ইসলাম সৌরভ ও সৈকত ভৌমিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুল করিম মন্ডল। এর আগে ২৮ জুন জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

ড. শাহদীন মালিক সমকালকে বলেন, এটি একটি জামিনযোগ্য মামলা। যদি অপরাধ প্রমাণিত হয়, তাহলে অভিযুক্তকে সর্বোচ্চ এক বছর সাজা দেওয়ার বিধান রয়েছে। এক্ষেত্রে কাজী হাবিবুল আউয়াল ইতিমধ্যে এক বছরের বেশি সময় জেল খেটেছেন। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা নেই।  

২০২৫ সালের ২৫ জুন রাজধানীর মগবাজার এলাকা থেকে কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন ২৬ জুন তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।

এর আগে গত বছরের ২২ জুন শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। মামলায় সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনকে আসামি করা হয়। 

আরও পড়ুন

×