ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

দেশকে কুষ্ঠমুক্ত করার লক্ষ্যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশকে কুষ্ঠমুক্ত করার লক্ষ্যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখবে: স্বাস্থ্যমন্ত্রী
×

হোটেল সোনারগাঁওয়ে কুষ্ঠবিষয়ক সভায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি- সমকাল 

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৪৭

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রীর দৃঢ় অঙ্গীকার অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করার লক্ষ্যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখবে। সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত কুষ্ঠবিষয়ক এক সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ কথা বলেন।

কুষ্ঠ নির্মূলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশন ও এনজিও অংশীদারদের সহযোগিতার প্রশংসা করে মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য অর্জনে তাদের সহযোগিতা অব্যাহত রাখতে হবে। কুষ্ঠ নির্মূল ও স্বাস্থ্যসেবা সমপ্রসারণের পাশাপাশি দেশের চিকিত্সাসেবার সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে ডা. শাহ আলী আকবর আশরাফী, ডা. রাজেশ নারওয়াল, অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম, প্রফেসর ডা. তাকাহিরো নানরী, শেখ মোমেনা মনি, ডা. আহমেদ জামশেদ মোহাম্মদ, ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ এবং ডা. মাহবুব আরেফিন রেজানুর উপস্থিত ছিলেন।

একই দিনে মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের নবনির্মিত রেসপিরেটরি ক্রিটিক্যাল কেয়ার ও ইন্টারভেনশনাল পালমোনোলজি সেন্টারের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এই সময় সাংবাদিকদের তিনি বলেন, স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক রোগী যেসব হাসপাতালে চিকিত্সা নিতে আসেন, সেসব প্রতিষ্ঠানে বরাদ্দ বাড়ানো হচ্ছে। একই সঙ্গে আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী বলেন, চিকিত্সকদের দক্ষতা বাড়াতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘ ২১ বছর পর আইসিইউ সেবা সম্প্রসারণ করা হয়েছে। নতুন আইসিইউতে ৪০টি শয্যা যুক্ত হয়েছে।

আরও পড়ুন

×