ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আদিবাসী দিবসের আলোচনায় বিশিষ্টজন

আদিবাসীদের বিলুপ্তির দিকে ঠেলে দেওয়া হচ্ছে

আদিবাসীদের বিলুপ্তির দিকে ঠেলে দেওয়া হচ্ছে
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২১ | ০৯:০৫

দেশের আদিবাসী জনগোষ্ঠীকে বিলুপ্তির দিকে ঠেলে দেওয়া হচ্ছে অভিযোগ করে বিশিষ্টজনেরা বলেছেন, আদিবাসী জনগণের মানবাধিকার পরিস্থিতি ভালো নয়। দেশের বিভিন্ন অঞ্চলে তাদের ভূমি জবরদখল ও চিরায়ত ভূমি থেকে উচ্ছেদ করার হীন উদ্দেশ্যে সাল্ফপ্রদায়িক হামলাসহ আদিবাসী নারীর ওপর সহিংসতা বৃদ্ধি পেয়েছে। বঙ্গবন্ধু যে বাংলার স্বপ্ন দেখেছিলেন, সেখানে তো আদিবাসীরাও আছেন। তাহলে স্বাধীনতার ৫০ বছর পরও কেন এসব দেখতে হচ্ছে?

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে সোমবার এক অনলাইন আলোচনা সভায় এসব কথা বলেন তারা। ফোরামের সহসভাপতি অজয় মৃর সভাপতিত্বে সভায় আদিবাসী নেতৃবৃন্দের পাশাপাশি যুক্ত ছিলেন দেশের বিশিষ্টজনেরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। সভায় বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার (সন্তু লারমা) শুভেচ্ছা বাণী পড়ে শোনান ফোরামের কেন্দ্রীয় সদস্য মেইনথেন প্রমীলা।

বাংলাদেশসহ ৯০টি দেশের ৪০ কোটির বেশি আদিবাসীকে শুভেচ্ছা জানিয়ে সন্তু লারমা বলেন, গত ২৩ বছরেও পার্বত্য চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন করা হয়নি। বর্তমানে সরকার চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া ও কার্যক্রম বন্ধ রেখে চলেছে। বহুবার দাবি তুললেও চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে রোডম্যাপ ঘোষণা করা হয়নি। সমতলের আদিবাসীদের জন্য প্রতিশ্রুতি দেওয়ার পরও পৃথক ভূমি কমিশন গঠন করেনি। আদিবাসী দিবসে সরকারের প্রতি এসব অঙ্গীকার পূরণের আহ্বান জানান তিনি।

সমতলের আদিবাসীদের স্বার্থ উপেক্ষিত আছে উল্লেখ করে আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মতো করে সমতলের আদিবাসীদের জন্য একটি পৃথক মন্ত্রণালয় গঠন করা উচিত।

বর্ষীয়ান রাজনীতিক পংকজ ভট্টাচার্য বলেন, ভাষাসৈনিক উ শুয়ে রাখাইন ১৯৭০ এর নির্বাচনে ২২ হাজার ভোট পেয়েছিলেন। ১৯৭০ সালে দেশে যেখানে লক্ষাধিক রাখাইন ছিল, আজ সেখানে আছে মাত্র আড়াই হাজার। আদিবাসীদের দিনদিন বিলুপ্তির দিকে ধাবিত করা হচ্ছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ৭২ সালে আমরা সংবিধানকে সমর্থন জানিয়েছিলাম। কিন্তু এককভাবে যে বাঙালি জাতীয়তাবাদের কথা বলা হয়, আমরা তার পক্ষে নই। এদেশে বাঙালি ছাড়াও বহু জাতির বসবাস রয়েছে। সংবিধানে তাদের স্বীকৃতি থাকা দরকার।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেন, আদিবাসী অধিকার আইন প্রণয়ন এবং আদিবাসী বিষয়ক কমিশন গঠন করা আজ খুবই জরুরি। এ আইন না হওয়া পর্যন্ত আদিবাসীদের অধিকার সুরক্ষিত হবে না।

মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, আমাদের দেশে আদিবাসী দিবস উদযাপনের বদলে বিষাদের সঙ্গে পালন করতে হয়। আজকে যে আমরা কাউকে পেছনে ফেলে না রাখার কথা বলছি, উল্টো আদিবাসীসহ সংখ্যালঘু সম্প্রদায়কে প্রান্তিকতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

সভায় আরও বক্তব্য দেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মেসবাহ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের সহযোগী অধ্যাপক জোবাইদা নাসরীন, চাকমা সার্কেলের রাজা দেবাশীষ রায়, মানুষের জন্য ফাউন্ডেশনের শাহীন আনাম, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দশগুপ্ত, হরেন্দ্রনাথ সিং, কাজল দেবনাথ, সোহেল হাজং, জান্নাত-এ-ফেরদৌসী, শরীফ জামিল প্রমুখ।

আরও পড়ুন

×