পুলিশের ভয়ে পালাতে গিয়ে যুবকের মৃত্যু
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২০ | ১১:৫৪
রাজধানীর আগারগাঁওয়ে তাস খেলার সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালাতে গিয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম সবুজ হাওলাদার (৩৪)। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
শেরে বাংলা নগর থানার ওসি জানে আলম মুনশী সমকালকে বলেন, পুলিশের গাড়ি ওই এলাকায় যাওয়ার পরপরই একজন ভবন থেকে পড়ে যান। তবে তার সঙ্গে পুলিশের কোনো কথা বা দেখা হয়নি। পুলিশ কাউকে আটকের চেষ্টা বা ধাওয়া করেনি। সেখানে তারা হয়তো কিছু করছিল, এর মধ্যে কেউ হয়তো ফোন করে পুলিশের উপস্থিতির খবর দিয়েছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।
মৃতের প্রতিবেশী বেলাল হোসেন জানান, আগারগাঁওয়ের জনতা হাউজিংয়ে নির্মাণাধীন একটি ভবনের সপ্তম তলায় কয়েকজন তাস খেলছিলেন। এ সময় শেরেবাংলা নগর থানার পুলিশ সেখানে যায়। আতঙ্কিত হয়ে দ্রুত পালাতে গিয়ে লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান সবুজ। তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ৮টা ২০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার খোদাবক্সকাঠি এলাকায়। বাবা মৃত আবদুল মজিদ হাওলাদার। বর্তমানে তিনি জনতা হাউজিং এলাকায় থাকতেন।
- বিষয় :
- লাশ উদ্ধার
- রাজধানী