ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা মেডিকেলে আরও এক কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিকেলে আরও এক কারাবন্দির মৃত্যু
×

প্রতীকী ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:০৮ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১০:১৫

| প্রিন্ট সংস্করণ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বোরহান উদ্দিন (৭৫) নামে আরও এক কারাবন্দির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

চলতি মাসে সর্বশেষ বুধবার রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে ঢামেক হাসপাতালে মারা যান ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দি– মোহাম্মদ ইফতেখার মাহমুদ (৩৬) ও মোহাম্মদ তোফাজ্জল হোসাইন পলাশ (৩৮)।
কারারক্ষী সুজন আহমেদ জানান, কেন্দ্রীয় কারাগারে বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে  হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বোরহান উদ্দিন। কারা কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করে নেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি কিশোরগঞ্জের কোতোয়ালি থানার কাটিয়ারচর এলাকায়। তাঁর বাবার নাম মনসুর আলী। তবে তিনি কোন মামলায় কারাবন্দি ছিলেন সে বিষয়ে জানাতে পারেননি এই কারারক্ষী।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 
চলতি মাসে কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে ঢাকায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। তারা ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগারের বন্দি। 

কারা অধিদপ্তরের তথ্য মতে, দেশে বর্তমানে কারাগারে বন্দির সংখ্যা এক লাখের বেশি। সারাদেশের কারাগারে ২০২১ সালে ৩০৩, ২০২২ সালে ২২৩, ২০২৩ সালে ৩৭৫, ২০২৪ সালে ৩১৮, ২০২৫ সালে ১৮৭ এবং ২০২৬ সালের ১৬ আগস্ট পর্যন্ত ১২২ জন বন্দির মৃত্যু হয়েছে।
 

আরও পড়ুন

×