প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৫০ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৫০
প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবার ও চিকিৎসার জন্য ২০ লাখ টাকা সহায়তা দিয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। শুক্রবার রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম মাল্টিপারপাস হলে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) বার্ষিক সাধারণ সভায় এই সহায়তার চেক হস্তান্তর করা হয়।
প্রয়াত দুই সাংবাদিক হারুন অর রশিদ তালুকদার ও হুমায়ুন কবির খোকনের পরিবারের জন্য পাঁচ লাখ টাকা করে এবং অসুস্থ সাংবাদিক রাকিব উদ্দিন ও আমানুর রহমানের চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা করে দেওয়া হয়।
দৈনিক ইনকিলাবের প্রয়াত সাংবাদিক হারুন অর রশিদ তালুকদারের পরিবারের পক্ষে চেক গ্রহণ করেন তার ছেলে মো. তৌহিদ হারুন। তিনি বলেন, তার বাবা দীর্ঘদিন কিডনি সমস্যায় ভুগছিলেন। পরিবারের সংকটের সময়ে সহায়তা দেওয়ার জন্য এবিজি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
দৈনিক আমাদের সময়ের প্রধান প্রতিবেদক ও প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবির খোকনের পরিবারের পক্ষে চেক গ্রহণ করেন তার স্ত্রী শারমিন সুলতানা রিনা। তিনি বলেন, তার স্বামী করোনায় মারা গেছেন। ওই সময়ও বসুন্ধরা গ্রুপ তাদের পাশে দাঁড়িয়েছিল। বর্তমান পরিস্থিতিতে পাওয়া সহায়তাটি তাদের জন্য প্রয়োজনীয় ছিল বলে উল্লেখ করেন তিনি।
দৈনিক সংবাদের অসুস্থ সাংবাদিক রাকিব উদ্দিনের পক্ষে পাঁচ লাখ টাকার চেক গ্রহণ করেন তার স্ত্রী নাসরিন জাহান। তিনি সহায়তার জন্য এবিজি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।
দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক আমানুর রহমানের চিকিৎসার জন্যও পাঁচ লাখ টাকা সহায়তা দেওয়া হয়। চেক গ্রহণের পর তিনি বলেন, অসুস্থ সাংবাদিকদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে তিনি স্বাগত জানান। ভবিষ্যতেও সাংবাদিকদের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে এবিজি ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন মো. ইমরুল হাসান, ডিএমডি অ্যান্ড হেড অব এএন্ডএফ, ইডাব্লিউপিডি এবং বিসিডিএল ও পরিচালক, বসুন্ধরা স্পোর্টস সিটি; এম. জেড. হোসেন আরজু, হেড অব ডিভিশন (আর অ্যান্ড ডি), এবিজি এবং মো. শাজেদুল করিম, জেনারেল ম্যানেজার, জিওলজি অ্যান্ড মাইনিং, এবিজি ফাউন্ডেশন।
অনুষ্ঠানে মো. ইমরুল হাসান বলেন, সাংবাদিকদের আর্থিক সচ্ছলতা প্রয়োজন। এবিজি সবসময় সাংবাদিকদের পাশে আছে বলেও উল্লেখ করেন তিনি। এবিজি ফাউন্ডেশনের মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সহযোগিতা করা হচ্ছে বলে জানান তিনি।
এ ছাড়া সাংবাদিকদের ভালো ও দায়িত্বশীল কাজকে উৎসাহিত করতে বিএসআরএফ ও এবিজি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে একটি মিডিয়া অ্যাওয়ার্ড আয়োজনের কথা অনুষ্ঠানে জানানো হয়। অনুসন্ধানী, জনস্বার্থসংশ্লিষ্ট ও ইতিবাচক প্রতিবেদনের জন্য এ পুরস্কার দেওয়া হবে। প্রস্তাবিত পুরস্কারের স্পনসর হবে এবিজি ফাউন্ডেশন।
এবিজি ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, প্রতি শুক্রবার এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের খাবার দেওয়ার পাশাপাশি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার ও আর্থিকভাবে অসচ্ছল পরিবারকে সহায়তা এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- অর্থ সাহায্য
- বসুন্ধরা গ্রুপ