সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল রপ্তানিতে সময় কমাবে
বিনিয়োগ আকর্ষণে রোড শো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৫৩ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৫৫
| প্রিন্ট সংস্করণ
উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতি থেকে শিল্পায়নের ক্ষেত্রে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল বিশাল সম্ভাবনা তৈরি করেছে। পিছিয়ে পড়া এই অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক অবকাঠামো তৈরি এবং স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সরাসরি যুক্ত করার লক্ষ্যে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল লিমিটেড (এসইজেডএল)-এর উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ‘বগুড়া বিনিয়োগকারী
রোড শো ২০২৬’।
বগুড়ার এক রিসোর্টে আয়োজিত জমকালো রোড শোতে উত্তরাঞ্চলের প্রায় ৭৫ জন বিশিষ্ট স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা, শিল্পনেতা ও উচ্চপদস্থ কর্মকর্তা অংশ নেন। আয়োজকরা জানান,
দেশের বৃহত্তম এই বেসরকারি সবুজ অর্থনৈতিক অঞ্চলে আধুনিক ও বিশ্বমানের পরিবেশবান্ধব শিল্পায়নের যে অবকাঠামো গড়ে তোলা হয়েছে, তা উত্তরাঞ্চলের সামগ্রিক অর্থনীতি বদলে দেওয়ার পথ উন্মোচন করছে।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ সুবিধা নিয়ে এক উপস্থাপনায় প্রধান প্রশাসনিক ও মানবসম্পদ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. শরিফুল ইসলাম জানান, যমুনা সেতুর ঠিক পশ্চিম পারে এক হাজার ৪১ একরেরও বেশি জমিতে গড়ে উঠছে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল। চার শতাধিক নির্ধারিত প্লটের সমন্বয়ে গঠিত এ অঞ্চলে কারখানা স্থাপনের সঙ্গে সঙ্গে নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ, শতভাগ মিঠাপানি সরবরাহ ও নিরবচ্ছিন্ন যোগাযোগ অবকাঠামোর নিশ্চয়তা পাচ্ছেন বিনিয়োগকারীরা। বিশেষ করে, বঙ্গবন্ধু সেতুর বহুমুখী পরিবহন সংযোগকে কাজে লাগিয়ে নৌ, সড়ক ও রেলপথে সরাসরি আন্তর্জাতিক বন্দরগুলোর সঙ্গে সংযোগ সহজতর হবে। এটি রপ্তানিমুখী শিল্পের ‘লিড টাইম’ বা পণ্য পৌঁছানোর সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে। পরিবেশবান্ধব উৎপাদনের স্বার্থে এতে বিশ্বমানের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার–সিইটিপি ও সোলার বিদ্যুৎ পার্কের ব্যবস্থাও রাখা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশাহ বলেন, উত্তরবঙ্গের ব্যবসায়ী সমাজ সবসময় দূরদর্শী ও বিনিয়োগে আগ্রহী। সিরাজগঞ্জের এই বেসরকারি উদ্যোগ চালু হলে কেবল কর্মসংস্থান তৈরি হবেনা, বরং পুরো অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের রূপরেখা বদলে যাবে। স্থানীয় ব্যবসায়ীদের এই সুযোগগ্রহণ করা উচিত।
বিশেষ অতিথির বক্তব্যে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশাররফ হোসেন বলেন, উত্তরাঞ্চলের বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ তৈরিতে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল যে পদক্ষেপ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। যোগাযোগের অনন্য সুবিধার কারণে স্থানীয় উদ্যোক্তারা এখানে সহজে তাদের কারখানা সম্প্রসারণ করতে পারবেন।
সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল লিমিটেডের পরিচালক ড. প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান বলেন, দেশের সুষম শিল্পায়ন ও আঞ্চলিক বিনিয়োগ সম্প্রসারণের জন্য রোড শোর মতো সরাসরি সংযোগ তৈরি করা জরুরি। উত্তরাঞ্চল শুধু কৃষিভিত্তিক কেন্দ্র হিসেবে থাকবে না, বরং সিরাজগঞ্জের এই অর্থনৈতিক অঞ্চল হবে শিল্পভিত্তিক নতুন চালিকাশক্তি।
অন্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তাইয়েব জাকির এবং বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম এস এম আতিকুর রহমান বাদল। আন্তর্জাতিক কমপ্লায়েন্স নিশ্চিত করে এমন আধুনিক জোনে বিনিয়োগ করলে দেশীয় প্রতিষ্ঠানগুলো বৈশ্বিক বাজারেও নিজেদের অবস্থান শক্ত করতে সক্ষম হবে।
অনুষ্ঠানের শেষ পর্বে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল লিমিটেডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এই প্রত্যক্ষ সংলাপ ও মতবিনিময় ভবিষ্যতে নতুন বিনিয়োগ আকর্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিরাজগঞ্জ ইজেডকে আন্তর্জাতিকমানের একটি পরিবেশবান্ধব শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হয়েছে।
রোড শোতে অংশ নিয়ে স্থানীয় অনেক উদ্যোক্তা প্লট বরাদ্দ ও সম্ভাব্য অবকাঠামোগত সুবিধা নিয়ে আগ্রহ দেখান। আয়োজকদের আশা, এই রোড শোর মাধ্যমে উত্তরাঞ্চলের সঙ্গে সরাসরি বাণিজ্য সংযোগ ও আস্থা জোরদার হয়েছে, যা অদূর ভবিষ্যতে এই অঞ্চলে এক নতুন শিল্পবিপ্লবের সূচনা করবে।
- বিষয় :
- অর্থনৈতিক অঞ্চল