ভালোবাসার গল্পে 'সীমান্তহীন পাখি'
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০১৯ | ০৭:১২ | আপডেট: ২৮ জুলাই ২০১৯ | ০৭:১৪
সীমান্তবর্তী অঞ্চলে দুটি মানুষের ভালোবাসার গল্পগাথা নিয়ে নির্মিত হলো নাটক 'সীমান্তহীন পাখি'। আনন জামানের রচনায় এটি পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সজল ও শাহতাজ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শামীমা নাজনীন, মুনিরুজ্জামান, সরণ সাহা, ইশিকা, অমিত প্রিয়ভাষ, রুদ্রতুল রানার প্রমুখ।
গল্পে দেখা যায়, সীমান্তবর্তী অঞ্চলের উলিখোলা গ্রামে পৌষ মাসকে কেন্দ্র করে মেলা বসে। দুই দেশের মানুষ নানা রকম বাহারি পণ্য নিয়ে মেলায় আসে। উলিখোলায় বেড়ে ওঠা বকুলাও সে মেলায় যায়। ঘটনাক্রমে সেখানে তার একটি ছেলের সঙ্গে পরিচয় হয়। পর্যায়ক্রমে তা ভালো লাগা পর্যন্ত গড়ায়। সন্ধ্যা হতেই বর্ডার বন্ধ হওয়ার নির্দেশ আসে। বকুলা ও ছেলেটির মন ভীষণ খারাপ হয়ে যায়। কারণ বছরে একবারই উলিখোলা গ্রামের বর্ডার খোলা হয়। শেষ পর্যন্ত দু'জনের এমন হঠাৎ পরিচয়ের পরিণতি কী হয়, তা নিয়ে নাটকের গল্প এগিয়ে যায়।
নাট্যকার আনন জামান বলেন, 'সব সময় এমন গল্প বলতে চেয়েছি, যার মধ্যে দর্শক নতুনত্ব খুঁজে পান। সীমান্তহীন পাখি নাটকেও সে ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করেছি।' নাটকটি আসছে ঈদুল আজহায় বৈশাখী টিভিতে প্রচার হবে।