‘টাইগার ৩’ বাংলাদেশে মুক্তির অনুমতি পেল
‘টাইগার ৩’ সিনেমার পোস্টার
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৩ | ১২:০৭ | আপডেট: ০৩ নভেম্বর ২০২৩ | ১৯:৪১
শাহরুখ খানের ‘জাওয়ান’ ছবির মুক্তির মাধ্যমেই ভারতের সঙ্গে বাংলাদেশে একই দিনে হিন্দি ছবি মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রক্রিয়ায় এবার যুক্ত হচ্ছে সালমান খানের ‘টাইগার ৩’।
আগামী ১২ নভেম্বর ভারতসহ বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তির সঙ্গে বাংলাদেশেও মুক্তি পাবে। আমদানির মাধ্যমে বাংলাদেশে ‘টাইগার ৩’ মুক্তি দিচ্ছে জাজ মাল্টিমিডিয়া। বাংলাদেশে মুক্তির অনুমতি চেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করার পর সিনেমাটি দেশে মুক্তির অনুমতি পেয়েছে বলেই জানান জাজের কর্ণধার আবদুল আজিজ। তিনি বলেন, আমরা টাইগার ৩ বাংলাদেশে আমদানি করার আবেদন করেছিলাম। মন্ত্রণালয় আমাদের অনুমতি দিয়েছে। ১২ নভেম্বর ভারতে ও বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে টাইগার ৩ বাংলাদেশেও মুক্তি পাবে।
এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি সূত্রও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জাজ মাল্টিমিডিয়া সিনেমাটি আমদানির অনুমতি পেয়েছে। এখন সেন্সর হয়ে গেলে তারা যেকোনো সময় এটি মুক্তি দিতে পারবে।
ইয়াশ রাজ ফিল্মের আদিত্য চোপড়া প্রযোজিত মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’। এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা। এর সিনেমার মাধ্যমে ২০১৯ সালের ‘ভারত’ সিনেমার পর আবার একসঙ্গে দেখা যাবে সালমান ও ক্যাটরিনাকে। এই ছবির ভিলেন চরিত্রে দেখা যাবে অভিনেতা ইমরান হাশমিকে। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন আশুতোষ রানা, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা।