মাঝরাতে গানের আসরে ৪ কোটি টাকা উপহার পেলেন শিল্পী!
গুজরাটে ভালোবেসে শিল্পীর উদ্দেশে গুচ্ছ গুচ্ছ টাকা উড়িয়ে দিয়েছেন শ্রোতারা।
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩ | ০৬:২৮ | আপডেট: ১২ এপ্রিল ২০২৩ | ০৩:৩২
ভারতের গুজরাটের লোকসংগীত শিল্পী গীতা রবারীর কণ্ঠে মুগ্ধ হয়ে একরাতে ভারতীয় ৪ কোটি টাকা উপহার দিলেন শ্রোতারা। সম্প্রতি কচ্ছ এলাকায় একটি গানের আসরে গীতার গানে মুগ্ধ হন শ্রোতারা।
ভালোবেসে শিল্পীর উদ্দেশে গুচ্ছ গুচ্ছ টাকা উড়িয়ে দেন শ্রোতারা। নোট গুনে দেখা যায়, মোট ৪ কোটি টাকা পেয়েছেন তিনি।
গীতার গানের আসরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে, মেঝেতে পাতা কার্পেটের ওপর বসে হারমোনিয়াম বাজিয়ে গান করছেন তিনি। জমকালো পোশাক এবং নানা গয়নায় সেজেছেন। তার পাশে কয়েকজন যুবক দাঁড়িয়ে আছেন। যে যেমন পারছেন টাকা ছড়িয়ে দিচ্ছেন। ৫০০, ১০০ এমনকি ২০ টাকার নোটও ওড়ানো হয়েছে। তবে ভিডিওতে উড়তে দেখা সব টাকা শিল্পীর হাতে তুলে দেওয়া হয়েছে কি না, তা যাচাই করা সম্ভব হয়নি বলে জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে।
লোকসংগীতে ‘কচ্ছের কোয়েল’ খ্যাত গীতার জনপ্রিয়তা অনেক। আঞ্চলিক ভাষায় ‘রোমা সের মা’ গানটির জন্য জনপ্রিয়তা পেয়েছিলেন গীতা। তার গলায় ভজনও শ্রোতাদের খুব প্রিয়।
- বিষয় :
- উপহার
- গীতা রবারী
- গান