হাজারের বেশি হিন্দি ছবিতে গেয়েছেন লতা
লতা মঙ্গেশকর- সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২২ | ২৩:৪৭ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২২ | ২৩:৪৭
ভারতীয় উপমহাদেশের সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এক হাজারেরও বেশি ভারতীয় ছবিতে গান করেছেন। এ ছাড়া ভারতের ৩৬ আঞ্চলিক ও বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই। কোকিলকণ্ঠী এ গায়িকা ৫০ বছরেরও বেশি সময় ধরে উপমহাদেশের সবচেয়ে প্রতিযোগিতাময় মিউজিক ইন্ডাস্ট্রিতে রয়েছেন প্রতিদ্বন্দ্বীহীন এক সুরসম্রাজ্ঞী হয়ে!
১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইনদোরের এক সংগীত পরিবারে জন্ম হয় লতা মঙ্গেশকর। বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ছিলেন মারাঠি সংগীত জগতের সুবিখ্যাত ধ্রুপদী গায়ক। বাবার থেকেই প্রথম তালিম নেওয়া। মাত্র ১৩ বছর বয়সে একটি সিনেমার জন্য প্রথমবার গান রেকর্ড করলেও, তা পরবর্তী সময়ে ছবি থেকে বাদ পড়ে। ১৯৪৫ সালে মুম্বাইয়ে পাড়ি দেন তিনি।
১৩-১৪ বছর বয়সেই প্রথম বার সিনেমায় গান গাওয়া। মরাঠি ছবিতে। মুম্বই যাওয়ার পর ১৯৪৮ সালে প্রথম হিন্দি ছবি ‘মজবুর’-এ গান। পরবর্তীতে আয়েগা আনেওয়ালা, প্যার কিয়া তো ডরনা কেয়া, আল্লা তেরো নাম, কহি দীপ জ্বলে– ছয় ও সাতের দশকে এসব গান জনপ্রিয়তার যে শিখর ছুঁয়েছিল, তা আজও অম্লান।
একটি দু’টি বা দশটিও নয়, ৩৬ আঞ্চলিক ও বিদেশি ভাষায় গান গাওয়ার রেকর্ড রয়েছে সদ্য প্রয়াত ভারতীয় উপমহাদেশের সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের। স্বনামধন্য এই গায়িকা এক হাজারেরও বেশি ভারতীয় ছবিতে গান করেছেন। এ ছাড়া ভারতের ৩৬ আঞ্চলিক ও বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই।
১৯৮৯ সালে ভারত সরকার লতাকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করে। তার অবদানের জন্য ২০০১ সালে তাকে ভারতের সর্বোচ্চ সম্মাননা ভারতরত্নে ভূষিত করা হয়; এম. এস. সুব্বুলক্ষ্মীর পর এই পদক পাওয়া তিনিই দ্বিতীয় সঙ্গীতশিল্পী। ২০০৭ সালে ফ্রান্স সরকার তাকে ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মাননা লেজিওঁ দনরের অফিসার খেতাবে ভূষিত করে।
তিনি তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১৫টি বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার, চারটি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার, দু’টি বিশেষ ফিল্মফেয়ার পুরস্কার, ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। ১৯৭৪ সালে তিনি প্রথম ভারতীয় হিসেবে রয়্যাল অ্যালবার্ট হলে সঙ্গীত পরিবেশন করেন।
প্রসঙ্গত, টানা প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার সকাল সোয়া আটটার দিকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার বয়স হয়েছিল ৯২ বছর।
- বিষয় :
- সুরসম্রাজ্ঞী
- লতা মঙ্গেশকর
- লতা
- লতার মৃত্যু