বাপ্পাকথন
গান গেয়ে এত মানুষের ভালোবাসা পাব ভাবিনি
বাপ্পা মজুমদার
রাসেল আজাদ বিদ্যুৎ
প্রকাশ: ১০ মে ২০২৩ | ১৮:০০
সময়ের পালাবদলে অনেক কিছুই বদলে গেছে, বদলে যাননি বাপ্পা মজুমদার। জনপ্রিয়তাকে পুঁজি করে কখনও স্রোতের জোয়ারে গা ভাসাননি; বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আরও নতুন কী করা যায়– সেই ভাবনায় নিয়ে মেতে ওঠেন একেকটি আয়োজনে। আর এভাবেই নিরলস কাজ করে যাচ্ছেন তিনি।
এক দিন-দু’দিন নয়, তিন দশক ধরে বাপ্পা তাঁর প্রতিটি সৃষ্টিতে রেখে চলেছেন নিজস্বতার ছাপ। এই যেমন ক’দিন আগে প্রকাশ পেল তাঁর নতুন একক গান ‘বন্ধু চেনা দায়’। সেই চিরচেনা কণ্ঠ, গায়কিতে সম্মোহনী জাদু, শ্রুতিমধুর সুর, পরিমিত সংগীত– তবুও বাপ্পাকে নতুনভাবে আবিষ্কারের সুযোগ আছে। তাই শুরুতেই বাপ্পার কাছে জানতে চাওয়া কিন্তু এই তিন দশকে অনেক কিছু বদলে যাওয়ার পরও সৃষ্টির খোলনলচে বদলাতে দেখা যায়নি– এর কারণ কী?
এর উত্তরে তিনি বলেন, ‘যা আমাকে চেনায়, সৃষ্টিতে আত্মতৃপ্তি দেয়, সংগীতপ্রেমীর প্রত্যাশা পূরণ করে নতুন কাজের প্রেরণা জোগায়– সেখান থেকে নিজেকে সরিয়ে নিতে চাইনি। একেকজনের সৃষ্টি একেকজনের পরিচয় তুলে ধরে। আমিও নিজের কাজ দিয়ে সেটাই চাই।’ শুধু একক গান নয়, প্লেব্যাকেও বাপ্পা ধরা দিয়েছেন সময়ের অন্যতম শিল্পী ও সংগীত পরিচালক হিসেবে। সদ্য মুক্তি পাওয়া ‘লিডার– আমিই বাংলাদেশ’ ছবির শীর্ষ সংগীতের মধ্য দিয়ে মনোযোগ কেড়েছেন অনেকের।
নিজের গানের বাইরেও তাঁর সুর-সংগীতে ‘বিউটিফুল ভয়েজেস’ অ্যালবামে আঁখি আলমগীরের গাওয়া ‘কেন এত ভয়’, কনার ‘মন ভালো’, কোনালের ‘বসন্ত চলে যায়’, টিনা রাসেলের ‘কিছু নেই যার’সহ আরও বেশ কিছু গান শ্রোতার মনে নাড়া দিয়েছে। এ তো গেল সাম্প্রতিক সময়ের কথা। পুরো তিন দশকের ক্যারিয়ারের অধ্যায়গুলোয় নজর দিলে দেখা যায়, হাজার হাজার গান ও জিঙ্গেল সৃষ্টির মধ্য দিয়ে অগণিত শ্রোতার হৃদয় স্পর্শ করেছেন বাপ্পা।
চলচ্চিত্রে তাঁর কাজের সংখ্যা কম হলেও সাফল্য ছিনিয়ে আনতে খুব একটা সময় লাগেনি। ‘সত্তা’ ছবির জন্য শ্রেষ্ঠ সুরকার হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এর বাইরে দলছুটের অ্যালবাম, গান আর প্রতিটি শোর মধ্য দিয়ে দেশ-বিদেশের অসংখ্য দর্শককে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন। তাই বাপ্পার শিল্পীজীবনের আদ্যোপ্রান্ত তুলে ধরতে লেগে যাবে শত শত পৃষ্ঠা। তবে তাঁর প্রয়োজনও খুব একটা পড়বে না; কারণ বাপ্পাকে সত্যিকার অর্থেই নতুন করে চেনানোর কিছু নেই।
তাই বাপ্পার কাছে জানতে চাওয়া হয়েছিল, ৩০ বছরের সংগীতযাত্রা তাঁর দৃষ্টিতে কীভাবে ধরা দেয়? বাপ্পার কথায়, ‘গানের ভুবনের এই দীর্ঘ সফর এখনও স্বপ্নের মতো মনে হয়। গান গেয়ে এত মানুষের ভালোবাসা পাব– সত্যি ভাবিনি। গান গেয়ে কিছু মানুষের হৃদয় স্পর্শ করতে পেরেছি– এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না।’
- বিষয় :
- বাপ্পা মজুমদার
- বিউটিফুল ভয়েজেস
- গান
- সংগীত