ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মাথা কাঁপুনি রোগ

মাথা কাঁপুনি রোগ
×

ডা. হুমায়ুন কবীর হিমু

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩ | ১৮:০০

আমাদের আশপাশে দেখা যায়, অনেকের মাথা কাঁপতে থাকে। এটি অনেকেই আমলে নেন না। আবার অন্যরা বুঝলেও প্রথমে আক্রান্ত ব্যক্তি বুঝতে পারেন না। এর সঙ্গে অনেকের দু’হাত কাঁপতে থাকে। সাধারণত কোনো কাজ করতে গেলে হাত কাঁপে। শুরুতে কেউ পাত্তাই দেন না। কিন্তু ধীরে ধীরে এটি বাড়তেই থাকে। তবে লক্ষণ বাড়ার হার বেশ শ্লথ। এই ব্যক্তিদের গলার স্বর কিন্তু পরিবর্তন হয়ে যায়। অনেকে এটাকে পারকিনসন্স রোগ বলে ভুল করেন।

অনেকে মনে করেন, হাত-পা কাঁপলেই বুঝি পারকিনসন্স রোগ। আসলে তা নয়। আমি যে রোগটি নিয়ে আলোচনা করছি, তাহলো বিনাইন এসেনশিয়াল ট্রেমর। এর সঙ্গে পারকিনসন্স রোগের অনেক পার্থক্য আছে। মূল যে পার্থক্য তাহলো পারকিনসন্স রোগে আক্রান্ত ব্যক্তির হাত-পা সাধারণত একপাশে কাঁপে, কোনো কাজ করতে গেলে কাঁপুনি থেমে যায়। বিশ্রাম নিলে কাঁপুনি বাড়ে। পারকিনসন্স রোগে আক্রান্ত ব্যক্তির মাথায় কখনও কাঁপুনি থাকে না।

এই রোগে কাজ করার সময় যেমন হাত কাঁপে, তেমনই গলার স্বর-মাথা কাঁপার মতো সমস্যাও দেখা যেতে পারে। দুই হাতেও এসেনশিয়াল ট্রেমর হতে পারে। এসেনশিয়াল ট্রেমর নিশ্চিতভাবে স্নায়ুগত সমস্যা। পারকিনসন্স ও বিনাইন এসেনশিয়াল ট্রেমর– এ দুই রোগের চিকিৎসা পদ্ধতিতেও অনেক পার্থক্য দেখা যায়।

সাধারণত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিনাইন এসেনশিয়াল ট্রেমর রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বেড়ে যায়; তবে যে কোনো বয়সে এটি হতে পারে। ঠিক কী কারণে এই রোগ হয়, তা অজানা। তবে পারিবারিক ইতিহাস একটা বড় কারণ হতে পারে। দেখা গেছে, এসেনশিয়াল ট্রেমরে ভোগা রোগীর মধ্যে তিন ভাগের দুই ভাগের পরিবারে এ রোগ হওয়ার ইতিহাস রয়েছে।

বিনাইন এসেনশিয়াল ট্রেমরে আক্রান্ত ব্যক্তির পরীক্ষা-নিরীক্ষা করতে হয় না বললেই চলে। সাধারণত নিউরোলজিস্টরা দেখেই রোগটি নির্ণয় করে চিকিৎসা দেন। বিটা ব্লকার প্রপানোলল ওষুধ সেবন করে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। ওষুধের মাত্রা ঠিক করতে কিছুটা সময় লাগে। তাই নিয়মিত আপনাকে চিকিৎসকের সঙ্গে দেখা করতে হবে। ওষুধের ডোজ ঠিক করার পর ঘন ঘন চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না। রোগটির চিকিৎসা না করালে অনেকেই পড়ে যেতে পারেন; রাস্তায় চলতে গিয়ে দুর্ঘটনার শিকার হতে পারেন। তাই দেরি না করে নিউরোলজিস্টকে দেখান।

লেখক : সহকারী অধ্যাপক, ডিপার্টমেন্ট অব ইন্টারভেনশনাল নিউরোলজি, নিনস।

আরও পড়ুন

×