ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

দীনেশ ত্রিবেদীর মন্তব্য

তারেক রহমানের ভারত সফর আরও দ্রুত হওয়া উচিত

তারেক রহমানের  ভারত সফর আরও  দ্রুত হওয়া উচিত
×

দীনেশ ত্রিবেদী

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ০৮:১০

| প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ‘আরও দ্রুত’ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুই দেশের সরকারপ্রধান সরাসরি বৈঠকে বসলে বিভিন্ন সমস্যা ও মতপার্থক্য সহজে সমাধান করা সম্ভব।

গত রোববার রাতে বাংলাদেশে আয়ারল্যান্ডের অনারারি কনসাল মাসুদ জামিল খান ও তাঁর স্ত্রী কেট জারো খান আয়োজিত নৈশভোজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। দীনেশ ত্রিবেদী বলেন, ‘বৈঠকের মাধ্যমেই কেবল সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। আমি এ বিষয়ে খুবই আশাবাদী।’

বাংলাদেশ ও ভারতের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে তিনি একটি ‘সোনালি অধ্যায়’ দেখতে চান। তিনি বলেন, বাংলাদেশ ও ভারত দুটি সার্বভৌম দেশ। দুই দেশেরই নিজেদের সমস্যা, মতপার্থক্য ও বিরোধ রয়েছে। তবে আলোচনার মাধ্যমে এসব বিষয় সমাধান করা সম্ভব।
দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমাদের নিজেদের জায়গা দরকার। আমাদের মতপার্থক্য আছে, তর্ক-বিতর্কও আছে। এতে সমস্যা নেই।’ তবে দুই দেশকে পারস্পরিক সম্মান ও মর্যাদা বজায় রেখে অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। 

দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘জনগণের নেতা’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দুই নেতা বৈঠকে বসলে দুই দেশের অনেক অমীমাংসিত বিষয় সমাধানের পথ তৈরি হতে পারে।
নৈশভোজে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সাবেক কূটনীতিক, ব্যবসায়ী এবং সাবেক বেসামরিক ও প্রতিরক্ষা কর্মকর্তারা অংশ নেন। এর আগে শনিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দীনেশ ত্রিবেদী দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে জনগণের মধ্যে যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন। 

আরও পড়ুন

×