নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাঙামাটির সাজেকে শোভাযাত্রা (ছবি-সত্রং চাকমা)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:২২
রাজধানী ঢাকাসহ সারাদেশে উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে গতকাল রোববার বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’– এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ দিবস উদযাপন করা হয়।
পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও পর্যটনকেন্দ্রে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্থানীয় পর্যটন-সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে নানা কর্মসূচি পালিত হয়েছে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে সংসদ সদস্যরা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সংগঠন, স্থানীয় জনগোষ্ঠী, গণমাধ্যম এবং
সর্বস্তরের মানুষ অংশ নেন।
দিবসটি যথাযথভাবে উদযাপন করতে সহযোগিতা করায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, সংসদ সদস্য, জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন করপোরেশন, স্থানীয় সরকারের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পর্যটন খাতের অংশীজন, পেশাজীবী সংগঠন, উদ্যোক্তা, গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবক এবং সর্বস্তরের জনগণকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশে একটি নিরাপদ, টেকসই, আধুনিক ও জনবান্ধব পর্যটনশিল্প গড়ে তোলা হবে।