ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সূত্রাপুরে ঘরে দেওয়া আগুনে ছেলের পর মারা গেলেন বাবাও

সূত্রাপুরে ঘরে দেওয়া আগুনে ছেলের পর মারা গেলেন বাবাও
×

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৩২

রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিরোধের জেরে ঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ ইমনের পর এবার তার বাবা সিদ্দিক মেম্বার (৫৫) মারা গেছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গত বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে তার মৃত্যু হয়। এর আগে গত রোববার মারা যান ইমন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ জানান, সিদ্দিকের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ ছিল। তাকে সারিয়ে তুলতে সবরকম চেষ্টা চালানো হয়। তবে বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এক পর্যায়ে রাতে তার মৃত্যু হয়।

গত ১৯ সেপ্টেম্বর বিকেল পৌনে ৫টার দিকে দগ্ধ অবস্থায় পাঁচজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়। তখন জানা যায়, সৌদি আরব প্রবাসী ইমন পারিবারিক বিরোধ নিয়ে বাগ্‌বিতণ্ডার সময় পেট্রোল ঢেলে ঘরে আগুন দেন। এতে তিনি ও তার বাবা সিদ্দিক মেম্বার ছাড়াও দুই ফুফাতো ভাই মো. রাজীব ও মো. ধনু ওরফে আরিফ এবং চাচাতো বোন মোছা. তানিয়া দগ্ধ হন। রাজীব ও ধনু দুজনই ইলেকট্রিক মিস্ত্রি। তানিয়া স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

চিকিৎসকরা জানান, বার্ন ইনস্টিটিউটে অপর তিনজনের চিকিৎসা চলছে। তাদের মধ্যে তানিয়ার শরীরের ৬০ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা সংকটাপন্ন। দগ্ধ রাজীবের শরীরের ১৫ শতাংশ ও ধলু মিয়ার ৮ শতাংশ পুড়ে গেছে। তারা দ্রুত সেরে উঠবেন বলে আশা করছেন চিকিৎসক।

আরও পড়ুন

×