বিশ্ব পর্যটন দিবস উদযাপনে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি
ছবি-শহিদুল আলম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৩৬
সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে ‘বিশ্ব পর্যটন দিবস ২০২৬’। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পর্যটন ও শান্তি’।
দিবসটি উপলক্ষে গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সপ্তাহব্যাপী আয়োজনের অংশ হিসেবে সকাল ৯টায় র্যালির উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীসহ সংশ্লিষ্টরা।
র্যালি শেষে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যটন খাতের উন্নয়নে জোর দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের পর্যটন খাত আরও এগিয়ে যাবে।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট অন্যান্য বক্তারা বলেন, দেশের পর্যটন খাতকে উন্নয়নের মাধ্যমে আরও সমৃদ্ধ করতে ঢেলে সাজানো হচ্ছে।
সপ্তাহব্যাপী বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনের র্যালিতে পর্যটন খাতের বিভিন্ন অংশীজন অংশ নেন। এতে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) নেতা ও সদস্য, ট্যুরিস্ট পুলিশসহ বিভিন্ন স্টেকহোল্ডার অংশ নেন।
র্যালিতে আবহমান বাংলার জীবনধারা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য ও ঢাকার ঐতিহ্য তুলে ধরা হয়। সকাল সাড়ে ৯টায় সাইকেল র্যালি শুরু হয়। পরে সকাল ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে সিটি ট্যুরের উদ্বোধন করা হয়।
এ আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুরা গাইডেড ট্যুরের মাধ্যমে ঢাকার বিভিন্ন পর্যটন আকর্ষণ ঘুরে দেখার সুযোগ পান।
- বিষয় :
- র্যালি