পুরনো বাণিজ্য মেলার মাঠ ও রায়েরবাজার থেকে ককটেল ও পেট্রলবোমা উদ্ধার
পুরনো বাণিজ্য মেলার মাঠ ও রায়েরবাজার থেকে ককটেল ও পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ২২:২৯
রাজধানীর শেরেবাংলা নগরে পুরনো বাণিজ্য মেলার মাঠ ও রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে ককটেল ও পেট্রলবোমা উদ্ধার করেছে এসআরবি।
সোমবার বিকেল ও রাতে দুটি স্থান থেকে এসব ককটেল ও পেট্রলবোমা উদ্ধারের কথা সমকালকে জানান এসআরবি-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
তিনি বলেন, সোমবার বিকেলে পুরনো বাণিজ্য মেলার মূল রাস্তার পাশে ককটেল এবং পেট্রল বোমা রয়েছে বলে খবর আসে। সেখানে অভিযান চালিয়ে ১৫টি ককটেল ও ২টি পেট্রল বোমা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বোমাগুলো নিস্ত্রিয় করা হয়। এসআরবি এর বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো উদ্ধারের পর স্ক্যান করে নিষ্ক্রিয় করেছে।
তিনি আরও বলেন, সন্ধ্যায় রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় ককটেল রয়েছে বলে খবর পাওয়া যায়। পরে এসআরবি এর বোম্ব ডিসপোজাল ইউনিট পরীক্ষা ও নিষ্ক্রিয় করার কার্যক্রম পরিচালনা করে। সেগুলো রাতেই নিষ্ক্রিয় করা হয়। তবে সেখান থেকে কতগুলো নিষ্ক্রিয় করা হয়েছে তা জানাননি তিনি।
ককটেল ও পেট্রলবোমাগুলো কারা, কী উদ্দেশ্যে সেখানে রেখেছিল, সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান নয়মুল হাসান।
- বিষয় :
- শেরেবাংলা নগর
- ককটেল
- পেট্রল
- বোমা উদ্ধার