ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আইবাস প্লাস প্লাস ব্যবহারে সতর্ক থাকার নির্দেশ সিজিএর

আইবাস প্লাস প্লাস ব্যবহারে সতর্ক থাকার নির্দেশ সিজিএর
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৩৮

সরকারের সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ আর্থিক ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম আইবাস প্লাস প্লাস ব্যবহারের ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ)। ইউজার আইডি ও পাসওয়ার্ডের নিরাপত্তা নিশ্চিত করা, অন্যের সঙ্গে তা শেয়ার না করা, অপরিচিত বা অনভিপ্রেত ওটিপি এলে দ্রুত কর্তৃপক্ষকে জানানো এবং অন্যের কম্পিউটার বা কম্পিউটার দোকান থেকে আইবাস প্লাস প্লাসে লগইন না করার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি আইবাস প্লাস প্লাস ব্যবস্থায় অনুপ্রবেশ করে ভুয়া বিল ও পেনশন বিল তৈরির মাধ্যমে সরকারি অর্থ সরিয়ে নেওয়ার একাধিক অভিযোগ সামনে আসার মধ্যেই এ সতর্কতামূলক নির্দেশনা জারি করা হলো। বৃহস্পতিবার সিজিএর উপ হিসাব মহানিয়ন্ত্রক (প্রশাসন-১) মানিক হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত পত্র জারি করা হয়।

নির্দেশনাটি সিজিএ এবং এর অধীন ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস, চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিস, ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিস এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য। আইবাস প্লাস প্লাস ব্যবহারের ক্ষেত্রে আইডি ও পাসওয়ার্ডের নিরাপত্তা নিশ্চিত করে নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

নির্দেশনায় আইবাস প্লাস প্লাস ব্যবহারের ক্ষেত্রে মোট ১০টি বিষয়ে সতর্ক থাকার কথা বলা হয়েছে। এগুলো হলো– আইবাস প্লাস প্লাস ব্যবহারকারীকে কম্পিউটার চালুর ক্ষেত্রে নিজস্ব পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। কম্পিউটারে হালনাগাদ ব্রাউজার ব্যবহার করতে হবে। আইবাস প্লাস প্লাসে প্রবেশের জন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার এবং যথাসময়ে তা পরিবর্তন করতে হবে।

আইবাস প্লাস প্লাসের ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। ই-মেইলে ওটিপি না নিয়ে মোবাইল নম্বরে পাঠানো ওটিপি অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। নিজের ইউজার আইডি বা পাসওয়ার্ড ব্যবহার করে কোনো কম্পিউটার দোকান কিংবা অন্য কারও ডিভাইস থেকে আইবাস প্লাস প্লাসে লগইন করা যাবে না।

কোনো কর্মকর্তা-কর্মচারীর ব্যক্তিগত ই-মেইল বা মোবাইল নম্বরে আইবাস প্লাস প্লাস আইডি-সংক্রান্ত অনভিপ্রেত কোনো ই-মেইল বা ওটিপি এলে দ্রুত সিজিএ প্রশাসন অথবা সিজিএর আইটি শাখাকে জানাতে হবে।

এ ছাড়া অনলাইন বিল নিরীক্ষার সময় বিলের র‌্যাঙ্ক এবং সংশ্লিষ্ট আদেশ যথাযথভাবে যাচাই করে বিল পাস করতে বলা হয়েছে। যেসব ইউজার আইডি আর ব্যবহার করা হচ্ছে না, সেগুলো বন্ধের জন্য সিজিএ কার্যালয়ে পত্র পাঠাতে হবে। কাজ শেষে অথবা অফিস ত্যাগের আগে আইবাস প্লাস প্লাস থেকে অবশ্যই লগআউট এবং কম্পিউটার শাটডাউন করতে হবে।

নির্দেশনায় ইউজার আইডির সম্পূর্ণ দায়-দায়িত্ব সংশ্লিষ্ট ইউজার আইডির স্বত্বাধিকারীর বলে উল্লেখ করা হয়েছে। কোনো ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীকেই এর দায়-দায়িত্ব বহন করতে হবে।

আরও পড়ুন

×