ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে
×

সম্প্রতি শিন শিন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ভ্যানকট লিমিটেড পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান। ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৫৬ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:০৩

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান।

সম্প্রতি শিন শিন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ভ্যানকট লিমিটেড পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

যুক্তরাজ্যের ‘উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য ব্যবস্থা’ নীতিমালার বিভিন্ন দিক তুলে ধরে জেমস গোল্ডম্যান বলেন, এ ব্যবস্থার আওতায় বাংলাদেশ বর্তমানে যুক্তরাজ্যে ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। এলডিসি থেকে উত্তরণের পর তিন বছরের অন্তর্বর্তী সময়েও এ সুবিধা অপরিবর্তিত থাকবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সময় শেষ হওয়ার পরও তৈরি পোশাকসহ প্রায় ৯২ শতাংশ পণ্য সম্পূর্ণ শুল্কমুক্তভাবে যুক্তরাজ্যের বাজারে প্রবেশ করতে পারবে। এর ফলে বাংলাদেশি উদ্যোক্তা ও তাঁদের ব্রিটিশ অংশীদারদের মধ্যে নতুন বিনিয়োগ, ব্যবসা সম্প্রসারণ ও ভবিষ্যৎ পরিকল্পনায় আস্থা বাড়বে।

জেমস গোল্ডম্যান বলেন, ‘দেশীয় রপ্তানিকারকদের প্রতি আমাদের বার্তা পরিষ্কার—তালিকা থেকে উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজার বাংলাদেশের জন্য উন্মুক্তই থাকছে।’

পরিদর্শনকালে শিন শিন গ্রুপের স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থা, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং পরিবেশবান্ধব উৎপাদন পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন ব্রিটিশ প্রতিনিধি দলের সদস্যরা।

শিন শিন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল সাদাত বলেন, যুক্তরাজ্য তাঁদের অন্যতম প্রধান রপ্তানি বাজার। এলডিসি থেকে উত্তরণের পরও শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকার নিশ্চয়তা বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।

অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনের বাণিজ্য ও যোগাযোগ বিভাগের শীর্ষ কর্মকর্তা, প্রাইমার্কের প্রতিনিধি এবং শিন শিন গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×