ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সীমান্ত ব্যাংকের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সীমান্ত ব্যাংকের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ২২:০৯

সীমান্ত ব্যাংক পিএলসির ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদরদপ্তরের শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান ও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সভাপতিত্বে সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষকের প্রতিবেদন অনুমোদন করা হয়। একই সঙ্গে নিরীক্ষক নিয়োগ এবং পরিচালকদের নির্বাচন সম্পন্ন হয়।

সভায় স্বাগত বক্তব্যে মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বিজিবি সদস্যদের কল্যাণ ও উন্নয়নে ব্যাংকের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও সেগুলোর বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরেন।

তিনি জানান, ২০২৫ সালে ব্যাংকের পরিচালন মুনাফায় ৬ দশমিক ০৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ২৫ দশমিক ৭০ শতাংশ বেড়ে ৪ হাজার ১৪৯ কোটি ৯১ লাখ টাকায় দাঁড়িয়েছে। এর মধ্যে ঋণ ও বিনিয়োগে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ২৩ দশমিক ৩৭ শতাংশ ও ৪১ দশমিক ০৮ শতাংশ।

২০২৫ সালে ব্যাংকের আমানতের স্থিতি ২৯ দশমিক ২১ শতাংশ বেড়ে ৩ হাজার ২৭৬ কোটি ১২ লাখ টাকায় উন্নীত হয়েছে। ব্যাংকের মূলধন পর্যাপ্ততার হার ২৫ দশমিক ০৭ শতাংশ, যা নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত ১২ দশমিক ৫০ শতাংশ সীমার চেয়ে বেশি।

সভায় ব্যাংকের ‘ইসলামি ব্যাংকিং উইন্ডো’ ও ‘এজেন্ট ব্যাংকিং’ চালুর উদ্যোগের বিষয়েও শেয়ারহোল্ডারদের অবহিত করা হয়। এ ছাড়া প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বিষয়ে চেয়ারম্যান জানান, ব্যাংকের আর্থিক পরিস্থিতি সামগ্রিকভাবে বিশ্লেষণ করে ২০২৮ সালের মধ্যে আইপিও কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আজীম বলেন, ২০১৬ সালে ৪০০ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে ব্যাংকটির যাত্রা শুরু হয়। বর্তমানে পরিশোধিত মূলধন বেড়ে ৫২৫ কোটি টাকায় দাঁড়িয়েছে।

তিনি বলেন, সীমান্ত ব্যাংক তার লক্ষ্যে অবিচল থাকবে। পরিচালনা পর্ষদের দিকনির্দেশনা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দক্ষতার সমন্বয়ে পরিকল্পনা অনুযায়ী কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।

সভায় ব্যাংকের শেয়ারহোল্ডার, পরিচালক, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন ব্যাংকের কোম্পানি সচিব হোছাইন সুমন এফসিএস।

আরও পড়ুন

×