সিএমএসএমই খাতে চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:৫১ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:৫৪
সিএমএসএমই খাতে স্বল্পসুদে ও সহজ শর্তে চলতি মূলধন ঋণ সুবিধা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার ‘সিএমএসএমই ওয়ার্কিং ক্যাপিটাল রিফাইন্যান্স ফান্ড’-এ অংশগ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের এ. এন. হামিদুল্লাহ কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং ট্রাস্ট ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক আখলাসুর রহমান ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান এবং অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের ৬০,০০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় গঠিত এ তহবিলের মাধ্যমে প্রয়োজনীয় চলতি মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় কার্যক্রম পরিচালনা করতে না পারা সচল সিএমএসএমই প্রতিষ্ঠানগুলো মাত্র ৯% সুদে অর্থায়ন সুবিধা পাবে।
এ উদ্যোগ সিএমএসএমই খাতের উৎপাদন, সেবা ও ব্যবসায়িক কার্যক্রম গতিশীল করার পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চারে ভূমিকা রাখবে। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- চুক্তি সই