ডাবলিন সফরে ট্রাম্প
দুই আয়ারল্যান্ডকে একত্র করার কথা বলে বিতর্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়ারল্যান্ড সফরের প্রতিবাদে বিক্ষোভ করছেন দেশটির নাগরিকরা। গতকাল শনিবার ডাবলিনের লেনস্টার শহরে হওয়া বিক্ষোভে অংশ নেন শত শত মানুষ এএফপি
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:০৩ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:০৩
আয়ারল্যান্ডে দুই দিনের সফরে গিয়ে সংবেদনশীল বিষয়ে মন্তব্য করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রকাশ্যে বলেছেন, তিনি দুই আয়ারল্যান্ডকে এক দেখতে চান।
গতকাল শনিবার ডাবলিনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, এক শতাব্দী ধরে বিভক্ত থাকা আয়ারল্যান্ড প্রজাতন্ত্র এবং উত্তর আয়ারল্যান্ডের পুনরায় এককরণ একটি ‘চমৎকার’ বিষয় হতে পারে। আমি যা ভাবছি, একসময় তা অবশ্যই হবে, তাই এখন হয়ে যাওয়া ভালো।
১৯২১ সাল থেকে বিভক্ত আয়ারল্যান্ড দ্বীপের দুই পক্ষের মধ্যে দীর্ঘ সংঘাতের অবসান ঘটে ১৯৯৮ সালে ‘গুড ফ্রাইডে’ চুক্তির মাধ্যমে।
চুক্তির শর্ত অনুযায়ী, কেবল দুই দেশের জনগণ চাইলে গণভোটের মাধ্যমে দেশ দুটির ঐক্য সম্ভব। যুক্তরাষ্ট্র এতদিন বিষয়টিতে নিরপেক্ষতা বজায় রাখলেও ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য তাদের সে অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। উত্তর আয়ারল্যান্ডের ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির নেতা গ্যাভিন রবিনসন ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় এক্সে লেখেন, ‘আয়ারল্যান্ড প্রজাতন্ত্রে যোগ দিয়ে দেশ ধ্বংস করার কোনো ইচ্ছা আমাদের নেই।’
শনিবার ডাবলিনে পৌঁছে আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট ক্যাথরিন কনোলির অভ্যর্থনা গ্রহণ করেন। এরপর দেশটির প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে বৈঠকে ইরান যুদ্ধ, ইইউর ওষুধে মার্কিন শুল্ক ও অভিবাসন নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে কাউন্টি ক্লেয়ারের ডুনব্যাগ রিসোর্টে আইরিশ ওপেন গলফ টুর্নামেন্ট দেখতে যান ট্রাম্প। ২০১৪ সালে ট্রাম্প অর্গানাইজেশন রিসোর্টটি কিনেছিল। ট্রাম্পের উপস্থিতির কারণে তাঁর নিরাপত্তার জন্য ৪০ হাজার দর্শকের এই টুর্নামেন্টে চার হাজার পুলিশ ও স্নাইপার মোতায়েন করা হয়েছে। গত বছর হোয়াইট হাউসে ফেরার পর থেকে ট্রাম্প পারিবারিক গলফ ব্যবসার প্রচারে সক্রিয় হয়ে উঠেছেন।
এ প্রসঙ্গে ডাবলিনের ট্রিনিটি কলেজের অধ্যাপক ড্যানিয়েল গিয়ারি বলেন, ডোনাল্ড ট্রাম্প আসলে তাঁর মালিকানাধীন গলফ রিসোর্ট পরিদর্শন করতে এসেছেন। পরে ভদ্রতার খাতিরে ডাবলিনে ঢুঁ মেরেছেন।
‘ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে। জ্বালানি তেলের দামও শিগগিরই কমবে। আয়ারল্যান্ডের ডাবলিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট এ দাবি করেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার মনে হয়, এটি (ইরান যুদ্ধ) খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে। সম্ভবত মধ্যবর্তী নির্বাচনের ঠিক পরপরই এর সমাপ্তি ঘটবে। নির্বাচনকে জটিল করে তুলতেই তারা (ইরান) যতটা সম্ভব সময়ক্ষেপণ করার চেষ্টা করছে। তবে আমার মনে হয়, জনগণ বিষয়টি ভালোভাবেই বুঝতে পেরেছে।’