ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলা, নিহত ১০
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:৫১
ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক বিমান হামলায় অন্তত ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির বিভিন্ন অঞ্চলের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার রাশিয়ার এসব হামলায় নিহতের পাশাপাশি বহু আবাসিক ভবন ও ভৌত অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গত দুই মাসে ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার হামলা জোরদার হওয়ায় বেসামরিক প্রাণহানির সংখ্যা বেড়েছে। জবাবে ইউক্রেনও রাশিয়ার বিদ্যুৎকেন্দ্র ও গুদামগুলোয় পাল্টা আঘাত হেনেছে। বর্তমানে দুই দেশই একে অপরের বাণিজ্যিক ও সরবরাহবাহী জাহাজে হামলা চালাচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে জানান, সকাল থেকে রাশিয়া তাদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ৫০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। তিনি বলেন, সম্মুখযুদ্ধে ব্যর্থ হয়ে রাশিয়া যুদ্ধকে অর্থনীতির দিকে ছড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষ যাতে যুদ্ধের পরিস্থিতিতে টিকে থাকতে না পারে, সে জন্য সম্ভাব্য সব অবকাঠামো ধ্বংস করার কৌশল নিয়েছে মস্কো। তারা ইউক্রেনের অর্থনীতি ও প্রতিরোধ ক্ষমতা ভেঙে দিতে চায়।
রাশিয়ার দখলে নিতে চাওয়া অন্যতম ফ্রন্টলাইন শহর ক্রামাতোরস্কের নগর পরিষদ জানিয়েছে, দেড় ঘণ্টার ব্যবধানে তিনটি পৃথক হামলায় বেসামরিক গাড়ি লক্ষ্যবস্তু করা হয়। এতে তিনজন নিহত ও চারজন আহত হন। পরিষদ জানায়, ‘এগুলো কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিল না; সাধারণ বেসামরিক মানুষের গাড়ি ছিল।’
কিয়েভের পশ্চিমাঞ্চলীয় ঝিতোমির অঞ্চলের গভর্নর ভিটালি বুনেচকো জানান, জভিয়াহেল শহরে একটি মুদি দোকানে রাশিয়ার হামলায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়া দুটি পেট্রোল পাম্প ও একটি বিদেশি বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। এর আগে প্রেসিডেন্ট জেলেনস্কি দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়া এবং তাঁর নিজ শহর ক্রিভি রিগে হামলার কথা নিশ্চিত করেন। জাপোরিঝিয়ার গভর্নর ইভান ফেদোরোভ জানান, সেখানে দুজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। অন্যদিকে ক্রিভি রিগের সামরিক প্রশাসনের প্রধান ওলেকসান্দর ভিলকুল জানান, রাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুজন
নিহত হয়েছেন।
রুশ সামরিক বাহিনী দাবি করেছে, তারা জাপোরিঝিয়ার জাপোরিজস্তাল ইস্পাত কারখানা, দাইনিপ্রোর ইন্টারপাইপ স্টিল কমপ্লেক্স ও ক্রিভি রিগের একাধিক শিল্পকারখানায় হামলা চালিয়েছে। তবে বার্তা সংস্থা রয়টার্স উভয় পক্ষের এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। কৃষ্ণসাগর তীরের ওদেসা বন্দরের গভর্নর ওলেহ কিপার জানান, শুক্রবার রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত চলা হামলায় অন্তত ৪০ জন আহত হয়েছেন।
রাশিয়া জানিয়েছে, তারা ইউক্রেনের ওদেসা ও চোরনোমোর্স্ক বন্দরে সামুদ্রিক জাহাজে হামলা অব্যাহত রেখেছে। অন্যদিকে ইউক্রেন দাবি করেছে, তারা রাশিয়ার সামারা অঞ্চলের তোলিয়াত্তিতে একটি সিনথেটিক রাবার কারখানায় ড্রোন হামলা চালিয়েছে। কারখানাটিতে রুশ ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরি হতো।