ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মিশন ডিডিএলজে

সেই প্রেম, নতুন রূপে

সেই প্রেম, নতুন রূপে
×

‘মিশন ডিডিএলজে: ধ্রুব-দিয়াস লাভ জার্নি’ সিনেমার পোস্টার

সাইফান সানাফ

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৪২

| প্রিন্ট সংস্করণ

একটা সময় ছিল, যখন প্রেম মানে ছিল চিঠি, অপেক্ষা, ল্যান্ডফোনের পাশে বসে থাকা কিংবা প্রিয় মানুষটির এক ঝলক দেখার জন্য দীর্ঘ পথ পাড়ি দেওয়া। নব্বই দশকের সেই প্রেমে ছিল সরলতা, আবেগ আর এক ধরনের সিনেমাটিক মায়া। সেই সময়ের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে এবার তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে: ধ্রুব-দিয়াস লাভ জার্নি’। আগামীকাল ২৫ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে এই সিনেমা। 
‘ডিডিএলজে’ নামটি শুনলে বলিউডের জনপ্রিয় সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র কথা মনে পড়ে। তবে নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক বলছেন, বিষয়টি শুধু নাম কিংবা অনুপ্রেরণায় সীমাবদ্ধ নয়। নির্মাতা বলেন, ‘মিশন ডিডিএলজে নামটির মধ্যে একটি বিশেষ রহস্য বা হিডেন স্টোরি লুকিয়ে রয়েছে। তবে সেই রহস্য এখনই উন্মোচন করতে চাই না; তা জানতে হলে দর্শকদের সিনেমাটি দেখতে হবে।’
সিনেমাটির গল্প যে নব্বই দশকের প্রেমকে ঘিরে তা স্পষ্ট করেছেন অর্ক। তাঁর ভাষ্যে, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র অনুপ্রেরণা থাকলেও ‘মিশন ডিডিএলজে’ মূলত নব্বই দশকের গল্প। সেই সময়ের প্রেমের গল্পে অনুপ্রাণিত হয়ে বর্তমান সময়ের এক তরুণ-তরুণী নিজেদের সম্পর্ককেও যেন তখনকার ভালোবাসার আদলে এগিয়ে নিতে চায়। সেখান থেকে তৈরি হয় নানা পরিস্থিতি, আবেগ, হাস্যরস ও সম্পর্কের টানাপোড়েন। 
সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভি ও লাবণ্য চৌধুরী। এ সিনেমার মধ্য দিয়ে জুটি হিসেবে তাদের অভিষেক হচ্ছে। তাদের সঙ্গে আরও অভিনয় করেছেন মাসুদ মহিউদ্দিন, স্বপ্না শেখ, শারমিন সুলতানা শর্মী, সাদিয়া ইসলাম জুঁই, আরমান মাহমুদ ও শওকত শোভন। নব্বই দশকের প্রেমের স্মৃতি, বর্তমান সময়ের সম্পর্ক এবং ‘ডিডিএলজে’ নামের আড়ালে থাকা রহস্য–সব মিলিয়ে আগামীকাল আইস্ক্রিনে মুক্তির পর ‘মিশন ডিডিএলজে’ দর্শকদের কতটা নতুন করে সেই পুরোনো প্রেমের কাছে ফিরিয়ে নিতে পারে, সেটিই এখন দেখার। 

আরও পড়ুন

×