ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বিদ্যালয়ের কাঁচা রাস্তায় দুর্ভোগ সীমাহীন

বিদ্যালয়ের কাঁচা রাস্তায়  দুর্ভোগ সীমাহীন
×

 ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:২৬

| প্রিন্ট সংস্করণ

প্রতিষ্ঠার পর থেকে গত ৫২ বছরে বেহগাল সড়কই ছিল ধর্মপাশার সিঙ্ঘপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভরসা। বর্তমানেও এ পরিস্থিতির পরিবর্তন হয়নি। ভোগান্তি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের সিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের একটি মাত্র পথ। সড়কটি কাঁচা থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে বর্ষায় সামান্য বৃষ্টিতে সড়কটি কাদায় পরিণত হয়। বৃষ্টির সময় সড়কের বিভিন্ন অংশে পানি জমে প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে ওই সময় পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে ওঠে। দ্রুত সড়কটি পাকাকরণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে ৯০ জন শিক্ষার্থীর বিপরীতে ৪ জন শিক্ষক কর্মরত আছেন। সিংপুর গ্রামের প্রধান সড়ক থেকে বিদ্যালয়ের দূরত্ব প্রায় আধা কিলোমিটার। এই আধা কিলোমিটার সড়ক আজও কাঁচা। ফলে বর্ষায় ও সামান্য বৃষ্টি হলে সড়কটি কর্দমাক্ত হয়ে ওঠে। এতে বিদ্যালয়গামী শিক্ষক ও শিক্ষার্থীরা বিপাকে পড়েন। অনেক সময় কাদা পেরিয়ে স্কুলে আসার সময় পা পিছলে পড়ে পোশাক ও জুতা নষ্ট হয়, অনেকে ব্যথাও পান। বিশেষ করে কোমলমতি ছোট শিক্ষার্থীদের কাদা-পানি পেরিয়ে বিদ্যালয়ে আসা বেশ কষ্টকর। এতে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতিতেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দিন ধরে বিদ্যালয়ে যাতায়াতের এ সড়কের বেহালদশা থাকলেও স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বর্ষা এলে শিক্ষক-শিক্ষার্থীসহ বিদ্যালয়ে আসা-যাওয়া করা সবাইকে ভোগান্তিতে পড়তে হয়।

বিদ্যালয়ের অভিভাবক লিটন মিয়া, মেহেদী হাসান ও নূর মিয়া বলেন, বিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে যাতায়াতে সড়ক এমন দুরবস্থায় থাকা দুঃখজনক। শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দ্রুত সড়কটি পাকাকরণের দাবি জানাচ্ছি। বিদ্যালয়ের সহকারী শিক্ষক তন্দ্রা খানম বলেন, বর্ষায় প্রধান সড়ক থেকে বিদ্যালয় পর্যন্ত পৌঁছাতে আমাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা পারভীন বলেন, সড়কটির কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সড়কটি পাকাকরণ হলে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের জন্য উপকার হবে।
সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা বলেন, একটি বিদ্যালয়ের সড়কের দুরবস্থার কারণে শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। এ কারণে সড়কটি পাকাকরণ বা ইটের সলিং করার জন্য ইউনিয়ন পরিষদের চাহিদার তালিকায় যুক্ত করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ করার উদ্যোগ গ্রহণ করা হবে।

আরও পড়ুন

×