তপশিল ঘোষণার আগেই সরব গোলাপগঞ্জ
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় রাজনৈতিক নেতাদের উঠান বৈঠক। মঙ্গলবারের ছবি সমকাল
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:২৭
| প্রিন্ট সংস্করণ
স্থানীয় সরকার নির্বাচনের তপশিল ঘোষণা না হলেও সিলেটের গোলাপগঞ্জে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। এতে অংশ নিতে ইতোমধ্যে উপজেলার ১১টি ইউনিয়নে নবীন-প্রবীণ মিলে শতাধিক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী প্রচার ও গণসংযোগে নেমে পড়েছেন। নির্বাচন সামনে রেখে বিএনপি এখনও কোনো ইউনিয়নে চূড়ান্ত প্রার্থী ঘোষণা না করলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতটিতে তাদের দলীয় প্রার্থী বেশ আগে নিশ্চিত করেছে।
১ নম্বর বাঘা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল কাদের সেলিম, ইংল্যান্ডপ্রবাসী কাদির হোসেন বাবুল, বিএনপি নেতা আহাদুর রহমান কামরুল, রাহুল হোসেন সাহেল এবং সাবেক চেয়ারম্যান ছানা মিয়ার নাম শোনা যাচ্ছে। এই ইউনিয়নে জামায়াত মোশারফ হোসেন শামীম ও আবুল হাসনাতের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
সদর ইউনিয়নে বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আশফাক আহমেদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মওদুদ হোসেন চৌধুরী সুমন, বিএনপি নেতা আইনুল ইসলাম রেকল, কামরুল ইসলাম চৌধুরী, যুবদল নেতা সাকিল আহমদ চৌধুরী, সালাউদ্দিন, মুস্তাফিজুর রহমান স্বপন, ময়েজ উদ্দিন, প্রবাসী গৌছউদ্দিন এবং সুলতান মাহমুদ সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন। তবে এ ইউনিয়নে জামায়াত এখনও প্রার্থী ঘোষণা করেনি।
ফুলবাড়ী ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন–এমরান আহমদ, বিএনপি নেতা নজরুল ইসলাম, মামুনুর রশীদ মামুন, মো. আব্দুল্লাহ, তালামীযে ইসলামীর কাশেম ইসলাম ও আতাউর রহমান আতা। জামায়াত এখানে আসাদুজ্জামান পাপ্পুকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
লক্ষ্মীপাশা ইউনিয়নে বিএনপি নেতা ফখরুল ইসলাম, আব্দুল আলীম তুহিন, মাহতাব উদ্দিন জেবুল, মাহমুদ সাঈদ ও যুবদল নেতা কাদির আহমদ রিপন প্রার্থী হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। এই ইউনিয়নে মাসুদ আহমদকে চেয়ারম্যান প্রার্থী করেছে জামায়াত।
ঢাকাদক্ষিণে জামায়াত নেতা এসএম আব্দুর রহিমকে প্রার্থী করেছে দলটি। বিএনপির নেতা দেওয়ান নজরুল ইসলাম, যুবদল নেতা শাহজাহান আহমদ ও নওশাদ আহমদ প্রচারণায় রয়েছেন। ভাদেশ্বরের বর্তমান চেয়ারম্যান শামীম আহমদ, মহিউজ্জামান লাভলু, আনিসুজ্জামান পাপ্পু ও সাহেদ আহমদের নাম জোরালোভাবে শোনা যাচ্ছে। বুধবারীবাজার ইউনিয়নে চেয়ারম্যান হেলাল আহমদ প্রার্থী হচ্ছেন বলে জোরালো আলোচনা রয়েছে। পাশাপাশি ফখরুল ইসলাম, রেজাউল করিম রেজা ও আব্দুল মুতলিব দলীয় সমর্থন পেতে চেষ্টা চালাচ্ছেন।
শরীফগঞ্জে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমেদ, এম কবির উদ্দিন, আব্দুল জলিল সাবু, জয়নাল আবেদীন ও সোহরাব আহমেদ প্রচারে নেমেছেন।
পশ্চিম আমুড়া ইউনিয়নে রুহেল আহমদ, নুরুল ইসলাম মুন্না ও মাহবুবুল হক সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারে আছেন বলে জানা গেছে। এই ইউনিয়নে রাসেল আহমদকে প্রার্থী করেছে জামায়াত।
লক্ষ্মণাবন্দে চেয়ারম্যান খলকুর রহমান ছাড়াও একাধিক বিএনপির প্রার্থী রয়েছেন মাঠে।
- বিষয় :
- নির্বাচন