মানব সেবায় ১ টাকার উদ্যোগ
এক টাকার উদ্যােগ নিয়ে কৃষকের পাশে প্রিন্স ঘোষ ছবি : সংগ্রহ
জাফর আহমেদ শিমুল
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৪০
| প্রিন্ট সংস্করণ
এক টাকা দিয়ে এখন আর তেমন কিছু হয়তো পাওয়া যায় না! তবে এই এক টাকাকে মানুষের মর্যাদা, অংশগ্রহণ এবং সামাজিক দায়িত্ববোধের প্রতীকে পরিণত করেছেন এক তরুণ। তাঁর বিশ্বাস, সাহায্য শুধু দান নয়; মানুষকে সম্মান দিয়ে পাশে দাঁড়ানোরও একটি পথ। সেই বিশ্বাস থেকে শুরু হয় ‘১ টাকায় একবেলার খাবার’ কর্মসূচি; যা ধীরে ধীরে রূপ নেয় বহুমাত্রিক সামাজিক আন্দোলনে। এই ব্যতিক্রমী উদ্যোগের উদ্যোক্তা সফল স্বেচ্ছাসেবী সংগঠক ও সমাজকর্মী প্রিন্স ঘোষ।
২০১৮ সালে জাতীয় পর্যায়ের একটি ছবি প্রতিযোগিতা আয়োজনের পর অব্যবহৃত অর্থ দিয়ে তিনি শুরু করেন এই কর্মসূচি। উদ্দেশ্য কেবল খাবার বিতরণ নয়, বরং সহায়তা গ্রহণকারী মানুষের আত্মমর্যাদা অক্ষুন্ন রাখা। এক টাকা ছিল অংশগ্রহণ ও সম্মানের প্রতীক। এই ভাবনা থেকে পরে চালু হয় ‘এক টাকার সুপারশপ’, ‘এক টাকার মোবাইল দোকান’ এবং ‘এক টাকায় চিকিৎসা’সহ নানান মানবিক উদ্যোগ।
প্রিন্সের নেতৃত্বে পরিচালিত সামাজিক প্ল্যাটফর্ম ‘ছবিঘর’ সময়ের সঙ্গে হয়ে উঠেছে মানুষের পাশে দাঁড়ানোর এক নির্ভরযোগ্য নাম। খাদ্য সহায়তা, রক্তদান, স্বাস্থ্যসেবা, কৃষকদের সহযোগিতা, পরিবেশ সচেতনতা এবং নারীর ক্ষমতায়নে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে ধারাবাহিকভাবে।
বিশেষভাবে আলোচনায় এসেছে নারীর আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচি দিয়ে। প্রিন্স ঘোষ বলেন, ‘তানজিল তাবাসসুম আস্থার সহযোগিতায় আয়োজিত এই কার্যক্রমে ১২ হাজারেরও বেশি নারী অংশ নিয়েছেন। একই সঙ্গে যৌন হয়রানি প্রতিরোধ ও সামাজিক সচেতনতা তৈরিতেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে।’
পরিবেশ রক্ষায়ও রয়েছে তাঁর ব্যতিক্রমী অবদান। নির্বাচনের পর ব্যবহৃত পোস্টার পুনর্ব্যবহার করে খাতা ও ব্যাগ তৈরি করে অসচ্ছল শিশুদের মধ্যে বিতরণ করা হয়েছে। শব্দদূষণবিরোধী কর্মসূচিতেও তিনি নেতৃত্ব দিয়েছেন। চীনের নিংশিয়া মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাশাস্ত্রে অধ্যয়নরত অবস্থায়ও সামাজিক কর্মকাণ্ড চালিয়েছেন প্রিন্স ঘোষ। পাশাপাশি রক্তদান কর্মসূচির মাধ্যমে হাজারো মানুষের জন্য রক্ত সংগ্রহে ভূমিকা রেখেছেন।
প্রিন্স ঘোষ বলেন, ‘সমাজে প্রকৃত পরিবর্তন আসে ছোট ছোট উদ্যোগ থেকে। মানুষকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করতে পারাই প্রকৃত পরিবর্তন।’
এক টাকার প্রতীকী উদ্যোগ থেকে শুরু হওয়া এই পথচলা আজ মানবতা, সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধের এক অনুপ্রেরণার গল্প। তরুণদের জন্য তিনি দেখিয়েছেন, পরিবর্তনের জন্য বড় ক্ষমতা নয়, প্রয়োজন আন্তরিক ইচ্ছা এবং মানুষের পাশে দাঁড়ানোর সাহস। u
- বিষয় :
- কৃষক