আমিনবাজারকে মাদকমুক্ত ও পুলিশ হত্যার বিচার দাবি
পুলিশ হত্যার বিচার ও আমিনবাজারকে মাদকমুক্ত করার দাবিতে গতকাল স্থানীয়দের মানববন্ধন সমকাল
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৩১
| প্রিন্ট সংস্করণ
পুলিশের এসবি শাখার উপপরিদর্শক আলতাব হোসেনকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমিনবাজারকে মাদকমুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
গতকাল শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকার শত শত মানুষ এ কর্মসূচিতে জড়ো হন। এ সময় তারা মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ চাই, পুলিশ কর্মকর্তা আলতাব হত্যাকারীদের ফাঁসি চাই– এ রকম মাদকবিরোধী নানা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করে বিক্ষোভ করেন।
ঢাকার সাভারের আমিনবাজারের বড়দেশি এলাকায় গত ৫ সেপ্টেম্বর রাতে পুলিশের বিশেষ শাখার (এসবি) এসআই মো. আলতাব হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। তিনি এসবির ঢাকার মালিবাগ কার্যালয়ে কর্মরত ছিলেন। এ সময় তাঁর ছোট ছেলেকেও মারধর করে গুরুতর আহত করা হয়। নিহত আলতাব হোসেন পরিবার নিয়ে আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মদিনা সিটি এলাকায় তাঁর দুই ছেলের একটি ছোট পোশাক কারখানা আছে। ওই কারখানার ভেতরে ঢুকে তাকে হত্যা করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা সবাই মাদকাসক্ত ছিল। তাদের পরিবারের সদস্যরা আমিনবাজারে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বক্তারা আরও বলেন, আমিনবাজারের বিভিন্ন পয়েন্টে দীর্ঘদিন ধরে চলা রমরমা মাদক ব্যবসা এলাকার শান্তি-শৃঙ্খলা ধ্বংস করছে। আমিনবাজারে নারী মাদক ব্যবসায়ীরাও মাদকের সাম্রাজ্য গড়ে তুলছে। মাদক ব্যবসায়ীরা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে মাসোহারা দিয়ে এ ব্যবসা পরিচালনা করছে বলে অভিযোগ রয়েছে।
বক্তারা অবিলম্বে পুলিশ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি এবং আমিনবাজার মাদকমুক্ত করার জন্য প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে স্থানীয় নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আমিনবাজারে মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্য তৈরি হয়েছে। অনেক মাদক ব্যবসায়ী প্রকাশ্যে মাদক বেচাকেনা করছে। কিন্তু প্রশাসন সব জানা সত্ত্বেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
মানববন্ধনে আমিনবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ফালান বলেন, পুলিশ হত্যার সঙ্গে জড়িত যারা রয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক। বিচার করে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি।
- বিষয় :
- দাবি