ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুরে ভেঙে ফেলা হলো শ্রী সত্যনারায়ণ মন্দিরের একাংশ 

শরীয়তপুরে ভেঙে ফেলা  হলো শ্রী সত্যনারায়ণ মন্দিরের একাংশ 
×

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিকে ঐতিহ্যবাহী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দির প্রাঙ্গণে থাকা পুরোনো ও ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো গত বৃহস্পতিবার ভেঙে ফেলা হয়েছে সমকাল

 শরীয়তপুর প্রতিনিধি 

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:০০

| প্রিন্ট সংস্করণ

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিকে ঐতিহ্যবাহী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দির বা রামঠাকুর মন্দির প্রাঙ্গণে থাকা ঠাকুর ঘর, নাগ মন্দির ও ভোগ ঘর ভেঙে ফেলা হয়েছে। গত বৃহস্পতিবার এসব স্থাপনা ভাঙা হয়। মন্দির কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে, পুরোনো ও ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো পুনর্নির্মাণের জন্য ভাঙা হয়েছে। 

তবে মন্দির কমিটির কেউ কেউ ও ভক্তরা এর বিরোধিতা করেছেন। তাদের দাবি, এসব স্থাপনার সঙ্গে শ্রী শ্রী রামঠাকুরের স্মৃতি ও দীর্ঘ ৪০০ বছরের ইতিহাস জড়িয়ে আছে। তাই পুরোপুরি ভেঙে না ফেলে এগুলো সংরক্ষণ করা যেত।

মন্দিরে প্রতিবছর তিন দিনব্যাপী নামযজ্ঞ হয়। এ উপলক্ষে দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্ত ও অনুসারী আসেন। মন্দিরের সেবক হারাধন চক্রবর্তী বলেন, তিনটি ভবন ভাঙা ঠিক হয়নি। এগুলো ঠাকুরের সময়কার স্মৃতি। স্থানীয় বাসিন্দা ও ভক্ত শিল্পী রানী চক্রবর্তী বলেন, এটা ঠাকুরের বাড়ি ছিল। এখানে তিনি থাকতেন এবং ধ্যান করতেন। এই বাড়িটি রাখার জন্য অনেকে চেষ্টা করেছিলেন। 
মন্দিরের নির্বাহী সদস্য ত্রিনাথ ঘোষ বলেন, ভাঙার বিষয়ে কমিটির অনেকেই অবগত নয়। মন্দির কমিটির সাধারণ সম্পাদক মুকুল চন্দ্র রায় বলেন, মন্দিরের বিভিন্ন অংশ দীর্ঘদিনের পুরোনো হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। মন্দিরটি পূর্ণাঙ্গভাবে পুনর্নির্মাণের উদ্যোগের অংশ হিসেবে শ্রী রামঠাকুর ঘর, নাগ মন্দির ও ভোগ ঘর ভেঙে ফেলা হয়েছে।  
এ বিষয়ে জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, মন্দির বা মন্দিরের কোন অংশ কারা এবং কেন ভাঙছে, সে ব্যাপারে খোঁজ নেবেন। সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকলে বিষয়টি দেখবেন।

আরও পড়ুন

×