হবিগঞ্জে গ্যাসের খোঁজে বাপেক্সের জরিপ
মাধবপুরে শাজাহানপুরের পরমানন্দপুর মাঠে সোমবার গ্যাসের সন্ধানে ব্যস্ত শ্রমিকরা সমকাল
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:২৭
| প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধানে ত্রিমাত্রিক (থ্রি-ডি) ভূকম্পন জরিপ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
গত সোমবার সকালে মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া ও শাজাহানপুরের পরমানন্দপুর গ্রামসহ বিভিন্ন এলাকায় এই জরিপ কার্যক্রম শুরু হয়। এর আগে প্রায় এক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ভূগর্ভস্থের তথ্য সংগ্রহের প্রস্তুতি চলছিল।
ত্রিমাত্রিক ভূকম্পন পদ্ধতি হলো ভূ-পদার্থবিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আধুনিক কৌশল, যার মাধ্যমে ভূগর্ভস্থ শিলাস্তর, খনিজসম্পদ এবং ভূতাত্ত্বিক গঠন সম্পর্কে ত্রিমাত্রিক (থ্রি-ডাইমেনশন বা থ্রি-ডি) এবং নিখুঁত ধারণা পাওয়া যায়। সাধারণত তেল, গ্যাস এবং ভূগর্ভস্থ অন্যান্য খনিজসম্পদ অনুসন্ধানের জন্য এ পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহার করা হয়।
ডিনামাইট বিস্ফোরণ বা শক্তিশালী ভাইব্রোসিস বা কম্পন উৎপাদনে সক্ষম এমন ট্রাকের মাধ্যমে কৃত্রিমভাবে ভূপৃষ্ঠে মৃদু কম্পন বা সিসমিক তরঙ্গ তৈরি করা হয়। এই তরঙ্গ মাটির নিচে প্রবেশ করে এবং বিভিন্ন ঘনত্বের শিলাস্তর থেকে প্রতিফলিত হয়ে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। ভূপৃষ্ঠে নির্দিষ্ট দূরত্বে পেতে রাখা সংবেদনশীল যন্ত্র বা জিওফো এই প্রতিফলিত তরঙ্গগুলোকে রেকর্ড করে। সংগৃহীত বিশাল পরিমাণ ডেটা সুপারকম্পিউটারের সাহায্যে প্রক্রিয়াজাত করে ভূগর্ভের একটি ত্রিমাত্রিক মডেল বা মানচিত্র তৈরি করা হয়।
বাপেক্সের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নাসিম উদ্দিন জানান, মাধবপুরে সম্ভাব্য গ্যাসের অবস্থান শনাক্ত করতে এ জরিপ পরিচালিত হচ্ছে। জরিপের অংশ হিসেবে মাটির নিচের বিভিন্ন স্তর থেকে তথ্য সংগ্রহ করা হবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে ভূগর্ভে গ্যাসের সম্ভাব্য অবস্থান ও মজুত সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
বাপেক্সের সহকারী ব্যবস্থাপক মো. মোজাফফর হোসেন পলাশ জানান, ২০২৫ সালের ডিসেম্বর থেকে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে। ২০২৭ সালের জুন পর্যন্ত জরিপ কার্যক্রম চলবে। থ্রি-ডি সাইসমিক জরিপের মাধ্যমে প্রথম ধাপে ভূগর্ভের বিভিন্ন স্তরের তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরবর্তী পর্যায়ে বিশেষজ্ঞ দল এসব তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালাবে।
- বিষয় :
- গ্যাস