ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শিল্পপ্রতিষ্ঠানকে রেলের জমি হস্তান্তরে বাধা

শিল্পপ্রতিষ্ঠানকে রেলের জমি হস্তান্তরে বাধা
×

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:০৫

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিল্পপ্রতিষ্ঠানকে রেলওয়ের জমি ও গোডাউন বুঝিয়ে দেওয়ার জন্য পরিচালনা করা উচ্ছেদ অভিযান সেখানে তীব্র বাধার মুখে স্থগিত করা হয়েছে। প্রায় ৩০০ পরিবারের প্রতিরোধ ও বিক্ষোভের কারণে অভিযান সম্পন্ন না করে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন ম্যাজিস্ট্রেট ও রেলওয়ে কর্মকর্তারা।

গতকাল বুধবার সকাল ১০টায় রেলওয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের একটি দল সীতাকুণ্ডে উচ্ছেদ কার্যক্রম শুরু করতে উপস্থিত হয়। উচ্ছেদ অভিযানের জন্য সেখানে দুটি এক্সক্যাভেটরসহ অন্যান্য ভারী সরঞ্জামও আনা হয়েছিল। অভিযান শুরু করতে প্রায় সেখানে বসবাসরত পরিবারগুলো একজোট হয়ে প্রতিরোধ ও বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। দীর্ঘ বাগ্‌বিতণ্ডা ও স্থানীয়দের আন্দোলনের মুখে দুপুর সাড়ে ১২টার দিকে রেলওয়ে কর্তৃপক্ষ অভিযান স্থগিতের ঘোষণা দেয়। স্থানীয় রাজনৈতিক নেতারা জানিয়েছেন, সাধারণ মানুষের তীব্র বাধার কারণে কাউকে উচ্ছেদ করা সম্ভব হয়নি।
বিক্ষোভ চলাকালে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও রেলওয়ের বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরীকে উদ্দেশ করে বিভিন্ন স্লোগান দেন স্থানীয়রা। তিনি ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময় অভিযানে আসা অন্য কর্মকর্তারা সাংবাদিকদের কাছে এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয় বাসিন্দা ইফতেখার আহম্মদ জুয়েল জানান, রেলওয়ের সম্পত্তিতে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়ায় কর্তৃপক্ষ অভিযান স্থগিত করেছে। পরে বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য তাদের এক মাসের সময় দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা আবু নাছের বলেন, ‘আমাদের পরিবারগুলো প্রায় শত বছর ধরে এই জায়গায় বসবাস করে আসছে। আমাদের কোনো স্থায়ী জায়গা-জমি নেই। একটি বিশেষ শিল্প গ্রুপকে অনৈতিক সুবিধা দিতে নিরীহ মানুষকে উচ্ছেদ করা হচ্ছে, যা আমরা মেনে নেব না। স্থায়ী পুনর্বাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না।’
স্থানীয়দের অভিযোগ, একটি অসাধু চক্র রেলওয়ের জায়গাটি দখল করে ‘কেওয়াইসিআর’ (KYCR) নামক একটি স্থানীয় প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। দীর্ঘদিনের বাসিন্দাদের তাড়িয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে সম্পত্তি হস্তান্তরের চেষ্টা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে বক্তব্য জানতে রেলওয়ের বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরীকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি।
 

আরও পড়ুন

×