ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

খাল দখলমুক্ত করার দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন

খাল দখলমুক্ত করার দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন
×

মানিকগঞ্জের ঘিওর উপজেলার সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে গতকাল বুধবার ঘিওর টেপড়া আঞ্চলিক সড়ক অবরোধ করে মানববন্ধন করেন স্থানীয়রা সমকাল

 মানিকগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১২

| প্রিন্ট সংস্করণ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল বুধবার দুপুরে ঘিওর টেপড়া আঞ্চলিক সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ফুলহারা, মৌহালী ও কলিয়া-সংযুক্ত সরকারি খাল অবৈধ দখলমুক্তকরণ এবং দ্রুত পুনর্খননের দাবি জানান। ‘সরকারি খাল দখলমুক্ত করো, কৃষকের মুখে হাসি ফোটাও’ এবং ‘খাল বাঁচলে পরিবেশ বাঁচবে, বাঁচবে আমাদের দেশ’ এমন স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে তাদের দাবি তুলে ধরেন তারা।
কর্মসূচিতে বড়টিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়ব আলী, যুবদল সদস্য ইয়াকুব হোসেন, শিক্ষক কারিম মোল্লা এবং স্থানীয় বাসিন্দা রাজ্জাক হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার ঐতিহ্যবাহী এই সরকারি খাল দীর্ঘদিন ধরে প্রভাবশালী চক্রের অবৈধ দখলে রয়েছে। ফলে কৃষিজমিতে সেচব্যবস্থা ব্যাহত হচ্ছে। অবিলম্বে খালটি দখলমুক্ত করে পুনর্খনন করা না হলে এলাকার কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে পড়বে।
মানববন্ধনের এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা গাছ ফেলে সড়ক অবরোধ করেন। এ সময় ওই সড়ক দিয়ে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।  ঘটনাটি জানতে পেরে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবিরের নির্দেশে উপজেলা যুবদল নেতা মেহেদী হাসান শীতল ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং সংসদ সদস্যের বার্তা পৌঁছে দেন। তিনি জানান, সংসদ সদস্য আশ্বস্ত করেছেন যে তিনি নিজে এলাকাটি পর্যবেক্ষণ করবেন এবং খাল উদ্ধারসহ পুনর্খননের জন্য একটি স্থায়ী সমাধানের ব্যবস্থা গ্রহণ করবেন। সংসদ সদস্যের পক্ষ থেকে পাওয়া আশ্বাসের পর বিক্ষুব্ধ লোকজন সড়ক থেকে গাছ সরিয়ে অবরোধ প্রত্যাহার করে নেন।
এ ব্যাপারে সংসদ সদস্য এসএ জিন্নাহ কবির বলেন, হাটের দিন সড়ক অবরোধ করায় জনদুর্ভোগ হচ্ছিল। বিষয়টি জানার পর মেহেদী হাসান শীতলকে পাঠানো হয় ও খাল উদ্ধারসহ পুনর্খননের ব্যবস্থা নেওয়া আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

আরও পড়ুন

×