ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

জমি লিখে নেওয়ায় মামলা বিপাকে বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তি

জমি লিখে নেওয়ায় মামলা বিপাকে বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তি
×

 শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১৩

| প্রিন্ট সংস্করণ

বুদ্ধিপ্রতিবন্ধী ছোট ভাইয়ের টিপসই নিয়ে তাঁর সাড়ে পাঁচ বিঘা জমি দখল করে নিয়েছেন বড় ভাই। এ নিয়ে পাঁচ/ছয়বার সালিশ হলেও ওই জমি তিনি আর ফেরত দেননি। পরে আদালতে মামলা করা হয়। এখন বড় ভাইয়ের হুমকির মুখে ভুক্তভোগী রমজান আলীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত পরিবারের অন্য সদস্যরা। মানিকগঞ্জের শিবালয়ের দড়িকয়ড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, দড়িকয়ড়া গ্রামের আকিমুদ্দিনের তিন ছেলে ও চার মেয়ের মধ্যে রমজান আলী বুদ্ধিপ্রতিবন্ধী। আকিমুদ্দিন এই ছেলের নামে চার বিঘা জমি লিখে দেন। তিনি ২০০৮ সালে মারা যাওয়ার পর তাঁর দ্বিতীয় পুত্র শহীদ আলী প্রতিবন্ধী ভাইকে ভরণপোষণ করতে থাকেন।
কিন্ত ২০২০ সালের ১০ অক্টোবর রমজান আলীকে আত্মীয়ের বাড়ি বেড়াতে নেওয়ার কথা বলে বরংগাইল জমি রেজিস্ট্রি অফিসে নিয়ে যান বড় ভাই রফিজ উদ্দিন। সেখানে ওয়ারিশের জমিসহ সাড়ে পাঁচ বিঘা জমি নিজের নামে দলিল করে রমজান আলীর টিপসই নেওয়া হয়। ওই জমি অন্যদের কাছে বিক্রি করতে গেলে ঘটনাটি জানাজানি হয়। এতে অন্য ভাই শহিদ আলী এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বৈঠকের আয়োজন করেন। সে বৈঠকে রমজান আলীকে জমি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন রফিজ উদ্দিন। এর পরও অন্তত পাঁচ-ছয়বার সালিশ হয়। রফিজ উদ্দিন টালবাহানা করতে থাকলে ২০২১ সালের ২১ জানুয়ারি মানিকগঞ্জ আদালতে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় রফিজ উদ্দিন ১৭ দিন হাজতেও ছিলেন।
রমজান আলীর অভিভাবক শহিদ আলী জানান, এতদিনেও বিষয়টির সমাধান হয়নি। বরং, মামলার পর থেকে তাঁর প্রতিবন্ধী ভাইকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এতে তাঁর নিরাপত্তার নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত বড় ভাই রফিজ উদ্দিন বলেন, আমাকে স্বেচ্ছায় জমি লিখে দিয়েছেন রমজান আলী।
গ্রামের মাতবর কমর আলী বলেন, রফিজ উদ্দিন তাঁর প্রতিবন্ধী ভাই রমজান আলীর কাছ থেকে প্রতারণামূলকভাবে জমি লিখে নিয়েছেন। এ ঘটনায় এলাকায় কয়েকবার সালিশের আয়োজন করা হয়। সালিশে রফিজ উদ্দিন জমি ফেরত দেওয়ার কথা বললেও পরে দেননি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রিনা বেগমও একই কথা বলেন। উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, আমরা চাই রমজান আলী যেন তাঁর জমি ফেরত পান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়কৃষ্ণ সরকার বলেন, প্রতিবন্ধী রমজান আলীকে সরকারি ভাতা দেওয়া হয়। তাঁর পারিবারিক সমস্যার বিষয়টি আমাদের জানানো হয়নি।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ব্যাপারে আমাকে কেউ কিছু জানায়নি। আমার কাছে এলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×