ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

দুই মাসে দুইবার উচ্ছেদ, ফের খাস জমিতে ঘর

দুই মাসে দুইবার উচ্ছেদ, ফের খাস জমিতে ঘর
×

আড়াইহাজারের শ্রীনিবাসদীতে সরকারি জমিতে তোলা হচ্ছে ঘর। গতকাল তোলা সমকাল

 আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১৪

| প্রিন্ট সংস্করণ

আড়াইহাজারে সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের এক মাস পর একই জায়গায় নতুন করে ঘর নির্মাণ করা হচ্ছে। স্থানীয় ভূমি অফিসের অভিযোগ, মাহমুদপুর ইউনিয়র পরিষদ-সংলগ্ন শ্রীনিবাসদী সড়কের পাশে সরকারি জায়গায় রাতের আঁধারে সাবেক ছাত্রদল নেতা মো. আমির হোসেন এই আধাপাকা ঘর নির্মাণ করছেন। 

মাহমুদপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ নাঈম মিয়া জানান, শ্রীনিবাসদী সড়কের পাশে শ্রীনিবাসদী মৌজার ২৯ নম্বর দাগে ১ নম্বর খাস খতিয়ানে দেড় শতক জমি রয়েছে। ওই ইউনিয়নের বাসিন্দা ব্যবসায়ী আমির হোসেন সরকারি এই ভূমিতে অবৈধভাবে আধাপাকা ঘর নির্মাণ করেন। আড়াইহাজারের সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমনের নির্দেশে গত ৫ জুলাই ওই ঘর উচ্ছেদ করা হয়। উচ্ছেদের পর রাতের আঁধারে ফের ঘর নির্মাণ করলে গত ৮ আগস্ট আবার স্থানীয় ভূমি অফিসের লোকজন গিয়ে দেয়াল ভেঙে গুঁড়িয়ে দেন। 

এরপর মাস না পেরুতেই আমির হোসেন ফের ঘর নির্মাণ করছেন। গত শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির সুযোগে তিনি রাতের বেলা আধাপাকা ঘর নির্মাণ করেন। বারবার উচ্ছেদের পরও সরকারি জমিতে ভবন নির্মাণের বিষয়টি মাহমুদপুর ইউনিয়ন ভূমি অফিস থেকে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়কে ইতোমধ্যে জানানো হয়েছে। 
স্থানীয়রা জানান, আমির হোসেন মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। আসন্ন মাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। 
এ বিষয়ে জানতে চাইলে আমির হোসেন বলেন, কয়েক ফুট সরকারি জায়গা আমার ঘরের সামনে পড়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আমি সেখানে ঘর তুলেছি। আমার মতো অনেকেই সড়কের পাশে ঘর তুলেছেন। আমি সামনে চেয়ারম্যান নির্বাচন করব। তাই উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমার বিরুদ্ধে কেউ হয়তো এ নিয়ে অভিযোগ তুলেছেন।
আড়াইহাজারের সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন বলেন, বারবার উচ্ছদের পরও সরকারি সম্পত্তিতে ঘর নির্মাণ দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×