ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

পানিতে ডুবে শিশুর মৃত্যু নিয়ে রহস্য

পানিতে ডুবে শিশুর  মৃত্যু নিয়ে রহস্য
×

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:২১

| প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুরের কমলনগরে মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে গিয়ে নুসরাত জাহান আলিফা নামে পাঁচ বছর বয়সী এক শিশুর পানিতে ডুবে মৃত্যুকে ঘিরে রহস্য তৈরি হয়েছে। আলিফার মৃত্যুর বিষয়টিকে পরিকল্পিত হত্যা দাবি করছেন শিশুটির বাবা। এ ঘটনায় মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

আলিফা উপজেলার চরজাঙ্গালিয়া ইউনিয়নের বাসিন্দা দিদার হোসেনের মেয়ে। গত রোববার বিকেলে মারা যায় সে। পরদিন ময়নাতদন্ত শেষে মরদেহ শিশুটির বাবার কাছে হস্তান্তর করে পুলিশ। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে ব্যবসায়ী দিদার হোসেনের সঙ্গে চরকাদরিয়া ইউনিয়নের কিল্লার রোড এলাকার মর্জিনা আক্তারের বিয়ে হয়। ব্যবসার কারণে অধিকাংশ সময় দিদার ঢাকায় অবস্থান করতেন। কিছুদিন আগে নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ দেখা দেয়। একপর্যায়ে মর্জিনা মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। গত রোববার বিকেলে নানার বাড়ি থেকে আলিফার পানিতে ডুবে মৃত্যুর খবর আসে। 
শিশুটির বাবা দিদার হোসেন অভিযোগ করে বলেন, ‘গত শনিবার ফোনে মর্জিনার সঙ্গে কথাকাটাকাটির সময় সে সন্তানকে মেরে ফেলার ইঙ্গিত দেয়। তা ছাড়া শিশুটির নাক-মুখ দিয়ে রক্ত বের হওয়ার বিষয়টি মৃত্যুর ঘটনাকে আরও সন্দেহজনক করে তুলেছে। আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে।’
তবে দিদারের এ অভিযোগ অস্বীকার করেছেন শিশুটির মায়ের পরিবারের সদস্যরা। তাদের দাবি, আলিফা অসাবধানতাবশত পানিতে পড়ে মারা গেছে। হত্যার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন

×