ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
×

ছবি: সংগৃহীত

যশোর অফিস

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ০২:১১

আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি পেলেও দেশে এখনো ৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুতের মূল্য বাড়ায়নি সরকার। গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে যশোর সদর উপজেলার চূড়ামনকাটিতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এসব কথা বলেন। 

সমাবেশে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বাড়াতে হয়েছে। সৌদি আরব, দুবাই, কাতার বা আমেরিকায় তেলের মূল্য অনেক বেশি। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও বিশ্ববাজার স্বাভাবিক হওয়া মাত্রই সরকার যত দ্রুত সম্ভব জ্বালানির দাম আগের জায়গায় ফিরিয়ে আনবে।

কৃষি খাতে সেচব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, কৃষকের সেচ খরচ ও উৎপাদন ব্যয় কমাতে সেচপাম্পগুলোকে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ অর্থাৎ নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর করা হচ্ছে। ইতিমধ্যে হৈবতপুর ও লেবুতলা ইউনিয়নে এ কাজ শুরু হয়েছে। আমাদের পরিকল্পনা রয়েছে ২০৩০ সালের মধ্যে যশোর সদর উপজেলার অধিকাংশ সেচপাম্পকে সৌরশক্তিতে রূপান্তরিত করার, যাতে কৃষকেরা কম খরচে ফসল উৎপাদন করে অধিক লাভবান হতে পারেন।

চূড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দার ফারুক এবং সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকনসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন

×