ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রাতভর খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ালেন মেয়ে, ভিডিও ভাইরালের পর মিলল মুক্তি

রাতভর খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ালেন মেয়ে, ভিডিও ভাইরালের পর মিলল মুক্তি
×

খুঁটিতে বাঁধা বাবাকে নিজের হাতে রুটি খাইয়ে দিচ্ছে শিশুটি। ছবি: ভিডিও থেকে নেওয়া

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:২১ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ২০:১৭

বরিশালের উজিরপুরে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামের এক যুবককে মারধর করে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় লোকজনের বিরুদ্ধে। রাতভর সেখানে আটকে থাকায় তিনি দুর্বল হয়ে পড়েন। শনিবার সকালে বাবার এই অবস্থার কথা শুনে ঘটনাস্থলে ছুটে আসে তার ছোট্ট শিশুসন্তান। সঙ্গে ছিল চা ও রুটি। খুঁটিতে বাঁধা বাবাকে নিজের হাতে রুটি খাইয়ে দেয় শিশুটি।

এই ঘটনার একটি ভিডিও শনিবার সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, খুঁটিতে বাঁধা বাবার পাশে তার শিশুসন্তান। পরে শিশুটি সঙ্গে আনা রুটি বাবাকে খাইয়ে দেয়। এ সময় আশপাশে বেশ কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

স্থানীয় কয়েকজন জানান, অনিকের বাড়ি বাজারের অদূরে কালিহাতি গ্রামে। হতদরিদ্র এই ব্যক্তির ছিচকে চুরির অভ্যাস রয়েছে। শুক্রবার দিবাগত রাতে বাজারের একটি মুদি দোকানে চুরির চেষ্টাকালে হাতেনাতে আটক করা হয় অনিককে। এরপরে তাকে খুটির সঙ্গে বেঁধে রাতভর নির্যাতন করা হয়। সকালে এ খবর অনিকের বাড়িতে পৌঁছায়। এ সময় বাবাকে দেখতে ছুটে আসে তার ৯ বছরের মেয়ে। কান্নাজড়িত কণ্ঠে জানতে চান- ব্যথা পেয়েছে কিনা? পরে অনাহারী বাবাকে পাশের একটি দোকান থেকে চা ও বানরুটি কিনে নিজ হাতে বাবাকে খাইয়ে দেয়। তখনও অনিকের হাত-পা খুঁটির সঙ্গে বাঁধা ছিল।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে সামাজিকমাধ্যমে ঘটনাটির নিন্দা জানান। চুরির অভিযোগের সত্যতা যাচাই ও আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়ে প্রশ্ন তোলেন তারা। একই সঙ্গে খুঁটিতে বেঁধে নির্যাতনের সমালোচনা করেন অনেকে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, উজিরপুর উপজেলার বামরাইল বাজারে শুক্রবার গভীর রাতে একটি দোকানে চুরির চেষ্টা করার সময় অনিক সরদার জনতার হাতে ধরা পড়েন। পরে তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।

পুলিশ জানায়, তারা পৌঁছানোর আগেই স্থানীয়রা অনিককে ছেড়ে দেন।

উজিরপুর থানার পুলিশ পরিদর্শক ফারুক হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে শনিবার সকালে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ সেখানে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাকে মুক্ত করে দেন।’ ঘটনাটির বিস্তারিত জানতে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন

×