শাকিবের 'প্রিয়তমা'য় শাহরুখ-সালমানদের ফাইট ডিরেক্টর
শাকিব খান ও রাজেশ কান্নান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুন ২০২৩ | ১১:৫৯ | আপডেট: ১৫ জুন ২০২৩ | ১২:০৮
সুপারস্টার শাকিব খানের ঈদের ছবি 'প্রিয়তমা'র শুটিং একেবারে শেষ দিকে। ইতোমধ্যে দৃশ্য ও অ্যাকশন দৃশ্যের শুটিং হয়েছে। জানা যায়, ছবির অ্যাকশন দৃশ্যগুলো পরিচালনা করছে রাজেশ কান্নান। যিনি বলিউডের শাহরুখ খান, সালমান খানদের ছবিতে ফাইট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন।
রাজেশ কান্না ভারতীয় অ্যাকশন ডিরেক্টর। এর আগে তিনি চেন্নাই এক্সপ্রেস, ওয়ানডেট, ডাবাং, সিংগাম -এর মতো ব্লকবাস্টার ছবিতে কাজ করেছেন। একাধিক তামিল ছবির দুর্দান্ত অ্যাকশন দৃশ্যেও তিনি পরিচালনা করেন। শাকিব খানের শিকারী, নবাব, চালবাজ ছবিগুলোতেও তিনি কাজ করেছেন।
'প্রিয়তমা'র পরিচালক হিমেল আশরাফ জানান, প্রিয়তমা নির্মাণে কোনো ত্রুটি রাখছেন না। এ কারণে ভারতীয় অ্যাকশন ডিরেক্টর রাজেশকে নিয়েছেন। ইতোমধ্যে অ্যাকশন দৃশ্যের শুটিং শেষ। বর্তমানে চলছে গানের শুটিং। আগামীতে সপ্তাহে ছবির লুক টিজার করা হবে।
প্রিয়তমা'র শুটিং শেষ না হলেও এর মধ্যে চলছে হল বুকিং! সিনেমা হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হল মালিকদের আগ্রহের তুঙ্গে থাকা এ ছবি মুক্তির দুই সপ্তাহ আগেই ‘চড়া মূল্যে’ বুকিং শুরু হয়েছে। নির্মাতা জানান, শাকিব খানের লুক ও ছবির হাইপের কারণে হল মালিকরা ‘প্রিয়তমা’য় আগ্রহ দেখাচ্ছে।
সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে জানা যায়, ইতোমধ্যে রাজ সিনেমা হল (কুলিয়ারচর, কিশোরগঞ্জ), আশা সিনেমা হল (মেলান্দহ, জামালপুর)সহ আরও বেশকিছু সিনেমা হল হাই রেন্টালে ‘প্রিয়তমা’ বুকিং করেছে। ‘প্রিয়তমা’ সংশ্লিষ্টরা জানান, এসব হলগুলো অতীতে এত টাকা দিয়ে কোনো ছবি নেয়নি।
হিমেল আশরাফ বলেন, সিনেমা হল মালিকদের এমন আগ্রহ আমাদের সবাইকে বিস্মিত করেছে। আমাদের বিশ্বাস সবচেয়ে বেশি রেন্টালে ঈদুল আজহায় সবচেয়ে বেশী সিনেমা হলে ‘প্রিয়তমা’ চলবে। হল মালিক থেকে দর্শকরা যে পরিমাণ আগ্রহ দেখাচ্ছেন, তাদের প্রত্যাশা পূরণ করবে ‘প্রিয়তমা’।
‘প্রিয়তমা’ রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের মৌলিক গল্পের ছবি। এর কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব ছাড়াও আরও অভিনয় করছেন ইধিকা পাল, কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।