‘চরিত্রের ভেতরে নিজেকে খুঁজে পাই’
খায়রুল বাসার
রেজাউল করিম
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৪৫
| প্রিন্ট সংস্করণ
একটি চরিত্র কখনও কখনও অভিনেতার ক্যারিয়ারে নতুন বাঁক তৈরি করে। অভিনেতা ও মডেল খায়রুল বাসারের জন্য ‘আদিল’ তেমনই একটি চরিত্র হতে যাচ্ছে। পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, চেনা জীবনের গল্প আর নানা ঘটনার আবর্তে নির্মিত ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’-এ এই চরিত্রে দেখা যাবে তাঁকে। ইতোমধ্যে নাটকটির প্রচারের তারিখও চূড়ান্ত হয়েছে। আগামী ৭ অক্টোবর থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে নাটকটি।
‘ফিরে আসার গল্প’ নিয়ে শুরু থেকে আশাবাদী খায়রুল বাসার। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্মাণে নাটকটির গল্পে পারিবারিক আবহের পাশাপাশি সম্পর্কের নানা টানাপোড়েন উঠে আসবে। আদিল চরিত্রটি দর্শকের মনে দাগ কাটবে বলে প্রত্যাশা এ অভিনেতার।
তাঁর ভাষায়, “পারিবারিক ঘরানার গল্পের এ নাটকে একদিকে যেমন খুঁজে পাওয়া যাবে চেনা মুখের ছায়া, তেমনি সম্পর্কের টানাপোড়েন নানা ঘটনা নিয়ে লেখা কাহিনি দারুণভাবে মনে আঁচড় কাটার মতো। দর্শক এখন অনেক স্মার্ট, ভালো-মন্দ সহজে বুঝতে পারেন। আশা করছি কাজটি সবার ভালো লাগবে।’
নতুন এ কাজটি যখন দর্শকের অপেক্ষায়, তখন পুরোনো কাজের সাফল্যও কম নয়। খায়রুল বাসার অভিনীত নাটক ‘ডিয়ার ফ্যামিলি’ ইতোমধ্যে ২৩ মিলিয়নের বেশি ভিউ অতিক্রম করেছে। ‘পথহারা মন’ও অল্প সময়ে ১৯ মিলিয়ন ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে। ফলে পরপর কাজের সাফল্য তাঁর জনপ্রিয়তার পরিধি আরও বড় করছে।
এরই মধ্যে আজ ২৪ সেপ্টেম্বর হিয়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে বাসার অভিনীত নতুন নাটক ‘তোমার ঠিকানায়’। সেরনিয়াবাদ শাওনের পরিচালনায় নির্মিত নাটকটিতে তাঁর বিপরীতে আছেন সাদনিমা বিনতে নোমান। এ জুটির আগের বেশ কিছু কাজ দর্শকের মধ্যে সাড়া ফেলায় নতুন নাটকটি নিয়েও তৈরি হয়েছে আগ্রহ।
খায়রুল বাসারের সাম্প্রতিক ক্যারিয়ার দেখলে বোঝা যায়, নাটক থেকে ওটিটি– সবখানেই ধীরে ধীরে নিজের জায়গা শক্ত করেছেন তিনি। মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’ সিনেমায় অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন তিনি।
‘এটা আমাদের গল্প’ ধারাবাহিকের সামির চরিত্র তাঁকে পৌঁছে দিয়েছে নতুন এক দর্শকশ্রেণির কাছে। এর আগে ‘তোমার পাশে হাঁটতে দিও’, ‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘মহানগর’-এর চরিত্রগুলোও তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে।
১১ আগস্ট থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হওয়ার পর কিছুদিন বিশ্রামে থাকতে হয়েছে তাঁকে। তবে থেমে নেই কাজ। একের পর এক নতুন নাটক নিয়ে দর্শকের সামনে আসছেন এ অভিনেতা। কাজ বাছাইয়ের ক্ষেত্রে গল্প ও চরিত্রকে গুরুত্ব দেন বাসার। তাঁর কথায়, ‘আসলে আমি অভিনয় করতে ভালোবাসি। সেটি নাটক হোক বা ওটিটি হোক কিংবা সিনেমা। গল্প, চরিত্র, প্রেক্ষাপট আমার কাছে প্রাধান্য পায়। আর আমি চরিত্রের ভেতরে নিজেকে খুঁজে পাই।’
দুর্ঘটনার ধাক্কা সামলে তাই আবারও নতুন গল্প, নতুন চরিত্র আর নতুন প্রত্যাশা নিয়ে দর্শকের সামনে ফিরছেন খায়রুল বাসার। সামনে তাঁর অপেক্ষায় আরও কয়েকটি কাজ আর দর্শকের অপেক্ষা–সেই কাজগুলোয় নতুন কোন বাসারকে দেখা যায়।
- বিষয় :
- বিনোদন