ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সিআইএমসিএইচের এমবিবিএস ৫ম ব্যাচের ইন্টার্ন সমাপনী অনুষ্ঠান

‘নৈতিক চিকিৎসক গড়ে তুলতে হবে’

‘নৈতিক চিকিৎসক  গড়ে তুলতে হবে’
×

সিআইএমসিএইচের সমাপনী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকরা সমকাল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪ | ২২:৩৮

নবাগত ডাক্তারদের নৈতিকতাসম্পন্ন চিকিৎসক হিসেবে গড়ে তোলার আহবান জানিয়েছেন বক্তারা। তারা বলেন, ‘দেশের মানুষকে চিকিৎসার জন্য যেন বিদেশে যেতে না হয়, নিজের দেশেই উন্নত চিকিৎসা নিতে পারেন সে জন্য নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি পেশাগত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশকে সুস্থ রাখার প্রচেষ্টায় থাকতে হবে নবাগত চিকিৎসকদের।’ গত বুধবার চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের (সিআইএমসিএইচ) অডিটোরিয়ামে অনুষ্ঠিত এমবিবিএস ৫ম ব্যাচ ইন্টার্ন সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন অতিথিরা। 
সিআইএমসিএইচের পরিচালক অধ্যাপক মো. আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. কাজী দ্বীন মোহাম্মদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি নবাগত ডাক্তারদের পেশাগত ক্ষেত্রে নৈতিকতাকে গুরুত্বারোপ করার মাধ্যমে আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত করার আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্যে সিআইএমসির উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন বলেন, ‘আল্লাহর পর ডাক্তারদের ভরসার অন্যতম ঠিকানা হিসেবে মনে করেন রোগীরা। তাই নবাগত ডাক্তারদের অভিভাবক ও দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি লক্ষ্য রেখে মানবসেবাকে জীবনের ব্রত হিসেবে নিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। একজন ডাক্তারের আচার-ব্যবহার অবশ্যই প্রথমে ভালো হতে হবে। বিভিন্ন দেশ থেকে চিকিৎসা নিয়ে আসা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার মানুষ সেসব দেশের ডাক্তারকে ব্যবহারের প্রশংসা করেন আগে। ডাক্তারদের হতে হবে লোভ-লালসার ঊর্ধ্বে ।’ 
সভাপতির বক্তব্যে অধ্যাপক মো. আমির হোসেন জাতীয় প্রয়োজনে ডাক্তারদের গুরুত্বপূর্ণ ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। জাতির ঐতিহাসিক প্রয়োজন পূরণে যোগ্যতা ও নৈতিকতা সম্পন্ন ডাক্তার উপহার দেওয়ার জন্য সিআইএমসিএইচের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– সিআইএমসি গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নুরুন্নবী, সিআইডিসি অধ্যক্ষ অধ্যাপক ডা. আকরাম পারভেজ, ইন্টার্ন কো-অর্ডিনেটর ও মেডিসিন বিভাগের প্রধান ডা. মোহাম্মদ কামরুল ইসলাম প্রমুখ। এমবিবিএস ৫ম ব্যাচের জমকালো এই  অনুষ্ঠানে সব ইন্টার্নসম্পন্নকারী ডাক্তার ও তাদের অভিভাবকদের সম্মামনা ক্রেস্ট তুলে দেওয়া হয়। ৫ম ব্যাচের ইন্টার্নদের মধ্য থেকে ডা. সামিরাকে ইন্টার্নশিপে সবচেয়ে ভালো পারফরম্যান্সের জন্য ‘বেস্ট ইন্টার্ন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। 

আরও পড়ুন

×