ব্যর্থতার বৃত্ত ভাঙতে বার্সাকে ক্ষুধার্ত রূপে দেখতে চান জাভি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩ | ০৭:০৬ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ | ০৭:০৬
সবশেষ ২১ মাস ট্রফিবিহীন আছে বার্সেলোনা। ২০২১ সালের নভেম্বরে কোচ হিসেবে জাভি বার্সায় যোগ দেওয়ার পরও রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স এবং দু'বার লা লিগা জিতেছে। তাই এবার ব্যর্থতার বৃত্ত ভাঙতে চায় কাতালানরা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনালে বার্সেলোনাকে ক্ষুধার্ত রূপে দেখতে চান জাভি হার্নান্দেজ।
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সুপার কোপার ফাইনালে লড়বে দুই প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। কে হাসবে শেষ হাসি, এর উত্তর মিলবে আজ রোববার দিবাগত রাত ১টায়।
ফাইনালের আগে সংবাদ সম্মেলনে জাভির মুখে শুধুই রিয়াল-বন্দনা। তার ভাষ্যে, 'মাদ্রিদ খুব শক্তিশালী একটি দল এবং মনস্তাত্ত্বিক দিক থেকে তারা কিছুটা এগিয়ে থাকবে। কারণ, সাম্প্রতিক বছরগুলোতে তারা (আমাদের চেয়ে) বেশি ফাইনাল খেলেছে এবং অভিজ্ঞতায় তারা এগিয়ে।'
রিয়ালকে এগিয়ে রাখলেও শিষ্যদের উজ্জীবিত করতে বার্সা কোচ বলেছেন, 'অনেক দিন হয়ে গেছে আমরা কোনো শিরোপা জিতিনি। তাই আমাদের ক্ষুধার্ত হতে হবে, যেটা আমি বেতিসের বিপক্ষে ম্যাচের আগেও খেলোয়াড়দের বলেছিলাম। শিরোপা জয়ের ক্ষেত্রে ক্ষুধার্ত মনোভাব দেখানোকে আমি একটি বাড়তি সুবিধা হিসেবে দেখি।'
ফাইনালে নিজেদের সেরাটা নিংড়ে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি, 'বার্সায় জয়ের ক্ষেত্রে কোনো আপোষের সুযোগ নেই এবং মূল উদ্দেশ্য হলো শিরোপা। অন্য কেউ প্রতিপক্ষ হিসেবে থাকলেও আমরা একই কথা বলতাম। আমরা উদ্দীপনা ও অনুপ্রেরণা নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ব।'
ট্রফিতে চোখ রেখে বার্সা কোচ জাভি বলেন, 'লড়াইটা ট্রফির এবং এজন্যই গুরুত্বপূর্ণ। যদিও এটা মৌসুমকে বদলে দেবে না। তবে এই ট্রফি জিততে পারলে আমরা মৌসুমের বাকি পথচলায় আত্মবিশ্বাস পাব এবং খুশি মনে এগিয়ে যাব। সামনে যাই হোক না কেন, আমরা মৌসুমের বাকি তিন শিরোপার জন্য লড়াই করে যাব।'
- বিষয় :
- বার্সেলোনা
- রিয়াল মাদ্রিদ
- এল ক্লাসিকো