ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

'জোর করে খেলোয়াড় তৈরি করা যায় না'

'জোর করে খেলোয়াড় তৈরি করা যায় না'
×

রাসেল ডমিঙ্গো- ফাইল ছবি

...

প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯ | ২৩:৩১ | আপডেট: ২৫ অক্টোবর ২০১৯ | ০২:৪২

ভারত সফর সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। বিদেশি কোচিং স্টাফরাও চলে এসেছেন। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ছুটিতে দক্ষিণ আফ্রিকায়  পরিবারের সঙ্গে থাকলেও বাংলাদেশের ক্রিকেটের খোঁজ রেখেছেন। তবে ক্রিকেটের বাইরে কোনো কিছুতেই ফোকাস করতে চান না তিনি। ভারত সফরের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিতে চান সামনের কয়েকটা দিন। তবে অনেক প্রশ্ন এড়িয়ে গেলেও বিপিএলে বাধ্যতামূলক লেগস্পিনার খেলানোর প্রসঙ্গ উঠতেই নড়েচড়ে ওঠেন তিনি। দক্ষিণ আফ্রিকা থেকে ফোনে সমকালের প্রশ্নের উত্তর দিলেন। শুনলেন আলী সেকান্দার

সমকাল : ভারত সফরের জন্য ঘোষিত ১৫ সদস্যের টি২০ স্কোয়াড কেমন দেখছেন?

রাসেল ডমিঙ্গো : স্কোয়াড আমি দেখেছি। নির্বাচকদের ওপর আমার আস্থা আছে। সম্ভাব্য সেরা দলটাই দেওয়ার চেষ্টা করেছেন তারা। কিছু খেলোয়াড়কে দেখার বিষয় আছে। বিশেষ করে বিশ্বকাপের জন্য দল প্রস্তুত করতে হলে এই ফরম্যাটের ভালো খেলোয়াড়দেরই বেছে নিতে হবে। সেদিক থেকে এই সিরিজেও এক-দুটি জায়গায় নতুন দু'জনকে নেওয়া হয়েছে।

সমকাল : আল-আমিন ও আরাফাত সানি তো অনেক দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না। 'এ' দলেও খেলেননি। শুধু কি স্ট্যাটের ওপর ভিত্তি করে টি২০ দলে নেওয়ার সিদ্ধান্ত?

রাসেল ডমিঙ্গো : ফাস্ট বোলার আল-আমিন এবং বাঁহাতি স্পিনার সানির স্ট্যাট দেখেছি। দু'জনেরই আন্তর্জাতিক রেকর্ড ভালো। যদিও ২০১৬ সালের পর থেকে জাতীয় দলে খেলে না তারা। তবে ঘরোয়া ক্রিকেটে বিশেষ করে বিপিএলে ভালো করেছে। স্ট্যাটগুলো পর্যালোচনা করে দেখেছি। একজন উইকেটটেকিং ফাস্ট বোলার দরকার আমাদের। আল-আমিন উইকেটটেকিং বোলার। একজন টি২০ স্পেশালিস্ট বাঁহাতি স্পিনারও প্রয়োজন। সানিকে ভারতে দেখতে চাই।

সমকাল : ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন ঠিক করার পর তারা তো খুব বেশি ভালো খেলেননি?

রাসেল ডমিঙ্গো : তারা বোলিং অ্যাকশন ঠিক করার পরও জাতীয় দলে খেলেছে টি২০ বিশ্বকাপে। নতুন অ্যাকশনেও ভালো করেছে। বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়লেই পরবর্তী সময়ে সে ভালো করবে না, তা তো নয়। তারা এই ক'বছর ভালো ক্রিকেট খেলেছে। অ্যাকশন নিয়ে নতুন করে কোনো অভিযোগ ওঠেনি। আমার মনে হয়, তারা ঠিক পথেই আছে।

সমকাল : সাকিব বলেছে, ভারত সিরিজ এবং বিপিএলের পরই টি২০ বিশ্বকাপের দল গুছিয়ে ফেলতে হবে?

রাসেল ডমিঙ্গো : হ্যাঁ, সে ঠিকই বলেছে। আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই টি২০ বিশ্বকাপ পরিকল্পনায় রেখে খেলোয়াড়দের দেখছি। ত্রিদেশীয় সিরিজ ভালো হয়েছে। বেশ কয়েকজন খেলোয়াড়কে দেখার সুযোগ পেয়েছি। ভারতে তিন ম্যাচ সিরিজ এবং বিপিএলেও খেলোয়াড়দের পাব। এরপর একটা জায়গায় পৌঁছাব।

সমকাল : টি২০ বিশ্বকাপ নিয়ে আপনি কি খুব সিরিয়াস?

রাসেল ডমিঙ্গো : তা তো হতেই হবে। সময় খুব বেশি নেই। গ্লোবাল টুর্নামেন্টে ভালো করতে হলে লম্বা একটা প্রস্তুতির দরকার পড়ে। কন্ডিশনটাও মাথায় রাখতে হবে। বিশেষ করে অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে ভালো করতে হলে ফাস্ট বোলার লাগবে। সম্ভাব্য সব বিকল্প খুঁজে দেখছি আমরা।

সমকাল : বাংলাদেশ এখনও ভারতের বিপক্ষে টি২০ জেতেনি। এবার কোনো সম্ভাবনা দেখেন?

রাসেল ডমিঙ্গো : ভারতের বিপক্ষে আমাদের টি২০ রেকর্ড ভালো না। অর্থাৎ এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারিনি। এ ছাড়া খেলা হবে ভারতে। কন্ডিশন ও প্রতিপক্ষ বিচারে সবকিছুই কঠিন। তবে এই ফরম্যাটে ভালো খেললে ম্যাচ জয়ের সুযোগ বেশি থাকে। টি২০-তে তো বেশক'টি ক্লোজ ম্যাচও খেলেছে বাংলাদেশ। ক্রিকেটাররা নিজেদের সেরাটা খেলতে পারলে জয়ের আশা তো করতেই পারি।

সমকাল : বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে ভারতের বিপক্ষে। ভারতে টেস্ট খেলা কতটা কঠিন?

রাসেল ডমিঙ্গো : ভারতে যে কোনো দলের জন্যই টেস্ট ম্যাচ খেলা কঠিন। তাদের বিপক্ষে খুব কম দলই জিততে পারে। এই সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করব আমরা। ভালো খেলার চেষ্টা তো থাকবেই। ছেলেরা জানে কী করতে হবে। আমার বিশ্বাস, তারা সেরাটাই খেলবে।

সমকাল : শ্রীলংকায় বাংলাদেশ 'এ' দলের তিন দিন ও চার দিনের ম্যাচ দুটিতে ক্রিকেটারদের নিবেদন কেমন ছিল?

রাসেল ডমিঙ্গো : টেস্ট দলের বেশিরভাগ ক্রিকেটার খেলেছে শ্রীলংকায়। তাদের নিবেদন (অ্যাপ্রোচ) ভালো লেগেছে। প্রতিদ্বন্দ্বিতার একটা মানসিকতা ছিল খেলোয়াড়দের মধ্যে। সাদমান ইসলাম ভালো করেছে। মুমিনুল সেঞ্চুরি পেয়েছে। মোহাম্মদ মিঠুন রান করেছে। মিরাজ খুব ভালো করেছে। যে উদ্দেশ্যে টেস্ট ক্রিকেটারদের ওখানে পাঠানো হয়েছিল, আমার মনে হয় তারা তাদের দায়িত্ব পালন করতে পেরেছে।

সমকাল : বিপিএলের সাত দলে সাতজন লেগস্পিনার বাধ্যতামূলক করা হয়েছে। তাদের দিয়ে চার ওভার বলও করাতে হবে। আপনার কি মনে হয়, লেগস্পিনার তুলে আনার সঠিক প্রক্রিয়া এটা?

রাসেল ডমিঙ্গো : দেখেন, জোর করে বা বাধ্য করে খেলোয়াড় তৈরি করা সম্ভব নয়। প্রান্তিক পর্যায় থেকে লেগস্পিনারদের তুলে আনতে হবে। একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলে এমনিতেই ভালো করবে। টেস্টে ভালো করার জন্য লেগস্পিনার খুব দরকার বুঝতে পারছি। কিন্তু তাদের তৈরি করতে হবে ধাপে ধাপে। আমাদের খেয়াল রাখতে হবে, যাদের প্রতিভা আছে তাদের সুযোগ দিতে হবে।

সমকাল : লেগস্পিনার বাধ্যতামূলক করা হলে অন্য একজন স্পিনার বঞ্চিত হবেন। অনেক ভালো ভালো স্পিনারকে বসে থাকতে হবে। এটা কি চিন্তার বিষয় নয়? 

রাসেল ডমিঙ্গো : লেগস্পিনার বাধ্যতামূলক করা হলে একজন স্পিনার ড্রপ করতে হবে। সে ভালোমানের স্পিনার হলেও তাকে খেলা থেকে বঞ্চিত করা হবে। আমি মনে করি, একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে গেলে ভালো। আমাদের কিন্তু বাঁহাতি স্পিনারও দরকার হবে। কারণ হোমে বাঁহাতি স্পিনারদের রেকর্ড ভালো।

সমকাল : বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের স্ট্রাকচার এবং ক্রিকেটারদের আন্দোলন সম্পর্কে অবগত আছেন নিশ্চয়ই?

রাসেল ডমিঙ্গো : ঘরোয়া ক্রিকেটে কোন প্রক্রিয়া অনুসরণ করা হবে, সেটা বোর্ড দেখছে। এটা নিয়ে আমার কথা বলা ঠিক হবে না। ক্রিকেটারদের মুভমেন্টের কথা শুনেছি। এটা নিয়েও কথা বলতে চাই না। কারণ বাংলাদেশে আমি কোচিং করাচ্ছি। কোনো ধরনের পলিটিকসে জড়ানোর ইচ্ছা নেই আমার। 

আরও পড়ুন

×