বিশ্বকাপের সেমিতে পাকিস্তানকে দেখছেন না ভিলিয়ার্স
এবি ডি ভিলিয়ার্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩ | ১৫:৩৫ | আপডেট: ১৮ আগস্ট ২০২৩ | ১৫:৩৫
আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বসতে যাচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ৫০ ওভারের ক্রিকেটের এই আসর শুরু হওয়ার এখনো মাস দেড়েক বাকি। তবে টুর্নামেন্টে কারা ফেবারিট, কারা সম্ভাব্য সেমিফাইনালিস্ট, কাদের শিরোপাজয়ের সম্ভাবনা বেশি- তা নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
বীরেন্দ্রর শেবাগ, গ্লেন ম্যাকগ্রা, ক্রিস গেইল, ইয়ন মরগানরা নিজেদের মতামত দিয়েছেন। সেই তালিকায় এবার যুক্ত হলেন ৩৬০ ডিগ্রি খ্যাত ডি ভিলিয়ার্স। সম্ভাব্য সেরা চারে পাকিস্তানকে রেখেছেন প্রায় সবাইই। তবে সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়কের অনুমান, রাউন্ড রবিন লিগ পেরিয়ে সেরা চারে জায়গা করে নেওয়া তিনটি দলই হবে এশিয়ার বাইরের। যেখানে পাকিস্তানকে রাখেননি ভিলিয়ার্স।
এবি ডি ভিলিয়ার্স আসন্ন একদিনের ক্রিকেটের বিশ্বমঞ্চে সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে দেখছেন স্বাগতিক ভারত, বিশ্বকাপের সফলতম দল অস্ট্রেলিয়া, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও নিজের দেশ দক্ষিণ আফ্রিকাকে।
এবার ভারতীয়দের হাতেই শিরোপা দেখছেন ভিলিয়ার্স। তিনি বলেন, 'অবশ্যই ভারত। আমি মনে করি তারা আবার জিততে পারবে (বিশ্বকাপ)। এটা রূপকথার বিশ্বকাপ হতে যাচ্ছে। ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে রাখতেই হচ্ছে। তারপর আমি চাই- দক্ষিণ আফ্রিকা। যদিও পাকিস্তানেরও খুব ভালো সুযোগ রয়েছে। তবে চতুর্থ দল হবে দক্ষিণ আফ্রিকা।'
শুধু সেমিফাইনাল নিয়েই না, ভিলিয়ার্স ভবিষ্যদ্বাণী করেছেন বিশ্বকাপের ফাইনাল নিয়েও। তিনি বলেন, 'ফাইনাল খেলবে ইংল্যান্ড ও ভারত। দল দুটি ফাইনালে পরস্পরের মু্খোমুখি হয়, তাহলে সেটি বেশ উপভোগ্য হবে। যদিও আমি সেখানে দক্ষিণ আফ্রিকার ছেলেদের দেখতে চাই।'