জাতীয় লিগ থেকে বাদ গাজী
সোহাগ গাজী
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫ | ১১:৩০
বরিশাল বিভাগ থেকে সোহাগ গাজীকে অধিনায়ক করার সুপারিশ ছিল। জাতীয় নির্বাচক প্যানেল সূত্রে জানা গেছে, বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি এই সুপারিশ করেছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সে সুপারিশ গ্রহণ করেনি। বরিশালের অধিনায়ক হওয়া দূরে থাক জাতীয় লিগেই খেলা হচ্ছে না সোহাগ গাজীর। ফিটনেসে ফেল করায় জাতীয় লিগে খেলতে দেওয়া হচ্ছে না তাঁকে। এ ছাড়াও একাদশ বিপিএলের ফিক্সিং ইস্যুতে তদন্ত কমিটি ‘রেড জোন’-এ রেখেছে জাতীয় দলের সাবেক এ স্পিনারকে। এই দুই কারণে সোহাগ গাজীকে জাতীয় লিগের চার দিনের ক্রিকেট খেলতে দেওয়া হচ্ছে না বলে জানায় বিসিবির টুর্নামেন্ট কমিটি।
এনসিএল টি২০ তে সোহাগ গাজীর বোলিং, ফিল্ডিং ভালো ছিল না বলে রিপোর্ট দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এই রিপোর্ট প্রভাব ফেলেছে বলে জানান একজন কর্মকর্তা। বরিশালের হয়ে নিয়মিত এনসিএলে খেলা সোহাগ গাজীকে বাদ দেওয়ার ব্যাপারে জানতে চাওয়া হলে নির্বাচক প্যানেলের কেউ কথা বলতে রাজি হননি। বরিশালের প্রধান কোচ মোহাম্মদ আশরাফুলও কথা বলবেন না।
তবে সোহাগ গাজী রাখঢাক না রেখেই বলেন, ‘আমি বিস্মিত জাতীয় লিগের দলে না রাখায়। দলে না রাখার কারণ জানতে চেয়েছিলাম লিপু ভাইয়ের কাছে। তিনি পরিষ্কার করে কিছু বলেননি। একবার বলেন, ফিটনেস নেই, আরেকবার বলেন বিপিএলের ইস্যু আছে। ২৮ তারিখ নাকি বিপিএল তদন্তের রিপোর্ট প্রকাশ করবে। আমি লিপু ভাইকে বলেছি, আমার মতো অভিযুক্ত অনেকে লিগে খেলছে। কোনো কিছু প্রমাণ না করে সিদ্ধান্ত নেওয়া কতটা যৌক্তিক জানি না।’
২০২১ সাল থেকে আজ পর্যন্ত জাতীয় লিগের ফিটনেস টেস্টে পাস করেননি। ২০২১ থেকে ২০২৩ সালে ইয়ো ইয়ো টেস্টে তাঁর স্কোর ছিল ১৬.৫, ১৫.৩, ১৬.১ ও ১৬.৬। এবারও ১৬০০ মিটার দৌড়ে পাস করতে পারেননি তিনি। ঢাকা জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে চার পাক দিতে সাড়ে সাত মিনিট লেগেছে তাঁর। এবারও ফেল রিপোর্ট জমা হয়েছে তাঁর নামে। এনসিএল টি২০ লিগে ৬ ম্যাচ খেলে দুটি উইকেট পেয়েছেন তিনি। এদিকে ময়মনসিংহ বিভাগের জাতীয় লিগের অভিষেকে খেলা হচ্ছে না মুনিম শাহরিয়ারের। এই বিভাগের ক্রীড়া সংস্থা থেকে ৩০ জনের তালিকায় রাখা হয়নি তাঁকে। মোসাদ্দেক হোসেনকে দলে রাখা হলেও প্রথম দুই রাউন্ড থেকে ছুটি নিয়েছেন তিনি।
- বিষয় :
- সোহাগ গাজী