ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

প্রথম পয়েন্টের স্বস্তি কানাডায়, ড্রয়ে আক্ষেপ বসনিয়ার

প্রথম পয়েন্টের স্বস্তি কানাডায়, ড্রয়ে আক্ষেপ বসনিয়ার
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ১১:৪৪

টরন্টোর কানায় কানায় পূর্ণ গ্যালারিতে তখন উৎসবের আমেজ। ঘরের মাঠে পিছিয়ে পড়েও যেভাবে লড়াকু ফুটবল উপহার দিল কানাডা, তাতে দারুণ খুশি দলটির আমেরিকান কোচ জেসি মার্শ। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট পেয়েছে স্বাগতিক কানাডা।

ম্যাচের ২১ মিনিটে জোভো লুনিকের গোলে পিছিয়ে পড়েছিল কানাডা। প্রথমার্ধের রক্ষণশীল ফুটবল নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও দ্বিতীয়ার্ধের আক্রমণাত্মক ফুটবলে শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন কানাডিয়ান কোচ জেসি মার্শ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি ছেলেদের বলেছি, আমরা যদি প্রথমার্ধেও দ্বিতীয় অর্ধেকের মতো আগ্রাসী ফুটবল খেলতাম, তবে ম্যাচটি আমরাই জিততাম। তবে এই ম্যাচ থেকে আমাদের দ্রুত শিক্ষা নিতে হবে। এই ১টি পয়েন্ট আমাদের জন্য অনেক বড় অর্জন, এখনও সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে।’

৭৮ মিনিটে বদলি নেমে স্বাগতিকদের ফেরান কানাডার ৩১ বছর বয়সী স্ট্রাইকার কাইল লারিন। সাউদাম্পটনের এই তারকাকে শুরুর একাদশে না রাখা নিয়ে মার্শ জানান, ‘লারিন শুরুতে খেলতে না পেরে কিছুটা অসন্তুষ্ট ছিল। কিন্তু আমি তাকে বুঝিয়েছি যে বদলি নেমেও ম্যাচে বড় প্রভাব ফেলা সম্ভব। সে মাঠে নেমে ঠিক সেটাই করে দেখিয়েছে।’

ছবি- এএফপি

ম্যাচের শুরুতেই জোভো লুনিকের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোলে লিড নিয়েছিল বসনিয়া। কিন্তু দ্বিতীয়ার্ধে কানাডার ক্রমাগত আক্রমণের মুখে খেই হারায় তারা। দলের এই অতিরিক্ত রক্ষণাত্মক খেলা নিয়ে অসন্তুষ্ট বসনিয়া কোচ সের্গেই বারবারেজ।

সাংবাদিকদের বসনিয়া কোচ বলেন, ‘আমরা ম্যাচের নিয়ন্ত্রণ পুরো কানাডার হাতে ছেড়ে দিয়েছিলাম। লো-ব্লক ডিফেন্স ও অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার খেসারত দিতে হয়েছে। তবে দুই দলের লড়াই অনুযায়ী এই ১টি পয়েন্ট যুক্তিসঙ্গত এবং ফলাফল সন্তোষজনক।’

স্বাগতিক হওয়ায় গ্যালারিতে ৮০ শতাংশ সমর্থকই ছিলেন কানাডিয়ান। এমন চাপের মুখে খেলায় শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন বারবারেজ। তিনি বলেন, ‘গ্যালারিভর্তি স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে খেলাটা বিশাল চাপের। আমার তরুণ দল সেই চাপের মুখে ভেঙে পড়েনি, এটা তাদের জন্য বড় প্রশংসার দাবি রাখে।’

এদিন কানাডার বিপক্ষে বসনিয়ার একাদেশ জায়গা হয়নি দলটির অভিজ্ঞ ও তারকা ফুটবলার এদিন জেকোর। এ বিশ্বকাপের সবচেয়ে বয়সী ৮ ফুটবলারের জেকো একজন। কোচের আশা, সুইজারল্যান্ড ম্যাচে দলের ৪০ বছর বয়সী কিংবদন্তি এই স্ট্রাইকারকে মাঠে দেখা যাবে।

‘বি’ গ্রুপে কানাডা ও বসনিয়া দুই দলই ১ পয়েন্ট করে পেল। ১৯ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে কাতারের মুখোমুখি হবে কানাডা। এর আগে ১৮ জুন বসনিয়া খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে।

আরও পড়ুন

×