ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

গেমসের রঙে লিটনদের প্রস্তুতি

গেমসের রঙে লিটনদের প্রস্তুতি
×

ছবি- বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:২৬ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৩৭

লিটন কুমাররা কমলা রঙের জার্সিতে অনুশীলন করছিলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। তখন মাঠজুড়ে তৈরি হয়েছিল উৎসবমুখর পরিবেশ। পেস বোলিং কোচ তালহা জুবায়ের বলেন, ‘উৎসবের রঙে গেমসের প্রস্তুতি শুরু।’

আবহমান কাল থেকে বাংলাদেশে উৎসবে কমলা রঙের পোশাক পরার চল। এশিয়ান গেমস হলো এশিয়ার ক্রীড়া উৎসব। এই গেমসে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি পর্বটাও আনন্দঘন পরিবেশে হওয়া চাই। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ক্রিকেটারদের পোশাক নির্বাচনেও গেমসের বাতাবরণ রেখেছে। যদিও গতকাল রোববার থেকে শুরু হওয়া অনুশীলনে এশিয়ান গেমসের স্কোয়াডের সব ক্রিকেটার উপস্থিত থাকতে পারেননি। তাওহীদ হৃদয়রা দক্ষিণ আফ্রিকা সফরে ছিলেন ‘এ’ দলের সিরিজ খেলতে। আজ দেশে ফেরার কথা ‘এ’ দলের ক্রিকেটারদের। পাঁচ দিন বিশ্রাম নিয়ে ১৯ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা সাইফ হাসানদের। নিজেরা ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ২৪ সেপ্টেম্বর জাপানের উদ্দেশে দেশ ছাড়বেন লিটনরা।

২৮ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনাল ম্যাচ দিয়ে গেমস শুরু বাংলাদেশের। গ্রুপ পর্ব থেকে উন্নীত হওয়া হংকং বা ওমানের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলবে টাইগাররা। সেমিফাইনালেও পাকিস্তান বা শ্রীলঙ্কার যে কোনো একটিকে প্রতিপক্ষ হিসেবে পেতে পারে। সেমিফাইনালে ভারতকে এড়াতে পারলে লিটনদের ফাইনালে উন্নীত হওয়ার সম্ভাবনা বেশি। আর বাংলাদেশ-ভারত ফাইনালে মুখোমুখি হলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখতে পাবে ক্রিকেট অনুরাগীরা। জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের বিশ্বাস এবার ফাইনাল খেলবে বাংলাদেশ। ২০১৪ সালে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে মোটামুটি সেরা দল নিয়েই ইনচন এশিয়ান গেমসে অংশগ্রহণ করেছিল টাইগাররা। বৃষ্টির কাছে পরাজিত হয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে ফল নির্ধারিত হয়েছিল টসে। আগের আসরের চ্যাম্পিয়নদের দেশে ফিরতে হয়েছিল ব্রোঞ্জপদক নিয়ে। গেমসের গত আসরে ভারতের কাছে হেরেছিল সেমিফাইনালে। এবার তাই ফাইনালের আগে ভারতকে এড়াতে চাওয়া।

এশিয়ান গেমসে খেলার অভিজ্ঞতা আছে পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, রিশাদ হোসেন ও ইয়াসির আলী রাব্বির। গেমসের ম্যাচগুলো গত আসর থেকে আন্তর্জাতিক হিসেবে গণ্য করায় এবার সেরা দল খেলাচ্ছে প্রতিটি দেশ। এ কারণেই লিটন কুমার দাসদের এশিয়ান গেমসে খেলার সুযোগ সৃষ্টি হয়েছে। এই দলের কাছে মোহাম্মদ আশরাফুলের চান ভালো ক্রিকেট। এশিয়ান গেমসে ক্রিকেট খেলা হবে নতুন উইকেটে। কিউরেটর গামিনি ডি সিলভা জানান, নতুন হলেও ব্যাটিংবান্ধব উইকেট গড়ার চেষ্টা করেছেন তিনি। ব্যাটিং ভালো হলে ১৭০ থেকে ১৮০ রান হতে পারে বলে মনে করেন বিসিবির সাবেক এ কিউরেটর। ২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত হয়।

আরও পড়ুন

×