ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

হিটেই শেষ সামর্থ্যের দৌড়!

হিটেই শেষ সামর্থ্যের দৌড়!
×

এশিয়ার পরশক্তি চীনের কাছে ১৩-০ গোলে হেরেছে বাংলাদেশ

সাখাওয়াত হোসেন জয়, নাগোয়া, জাপান থেকে

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:০৬

জাপানের সন্ধ্যা নামার দৃশ্যটা খুবই সুন্দর। সূর্য ডুবে অন্ধকারে নিমজ্জিত হলেও আইচি নাগোয়া শহরের ব্যস্ততা কমে না। এখানকার বাস-ট্রেন স্টেশনগুলোতে থাকে প্রচুর ভিড়। শিল্পের নগরীতে যে এশিয়ান গেমসের মতো বড় আসর হচ্ছে, তাতে যেন খুব একটা মন নেই জাপানিদের। তাদের মতো বাংলাদেশের ক্রীড়াবিদদের মধ্যেও গেমস নিয়ে যেন কোনো সিরিয়াসনেস নেই! 

এশিয়াডের এই মঞ্চটাকে শিক্ষা সফর বানিয়ে ফেলেছেন তারা। বিশেষ করে গেমসে পদকের লড়াইয়ের গতকাল রোববার প্রথম দিনে যে কয়টি ইভেন্টে বাংলাদেশের ক্রীড়াবিদরা খেলেছেন, সবকটিতেই বাজে পারফরম্যান্স করেছেন। সাঁতারে ২৪ জনের মধ্যে ২৩তম হওয়া মুক্তি খাতুন দেখিয়েছেন তাঁর সামর্থ্য এতটুকুই। শুটিং, হকি, টেবিল টেনিসের খেলোয়াড়দের ব্যর্থতায় তাদের মান নিয়ে প্রশ্ন উঠেছে। তাই বলে খেলোয়াড়দের মান এত নিচু? এমন প্রশ্নের উত্তরে বিস্মিত না হয়ে বরং আসল সামর্থ্যটাই খেলোয়াড়রা দেখিয়েছেন বলে গতকাল সমকালকে জানান সাবেক শুটার শারমীন আক্তার রত্না।

বাংলাদেশের সম্ভাবনাময় ইভেন্টের মধ্যে সাঁতার অন্যতম। কিন্তু টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারের পুলে নেমে রীতিমতো হতাশ করেছেন মুক্তি। মেয়েদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে ৩৬ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেন তিনি। নিজের হিটে সপ্তম হওয়া মুক্তি সব হিট মিলিয়ে ২৪ প্রতিযোগীর মধ্যে হয়েছেন ২৩তম। শুটিংয়ে প্রথম দিনের গল্পটা শুধুই ব্যর্থতার। ১০ মিটার এয়ার রাইফেলের এককে বাংলাদেশের তিন শুটারই ছিটকে গেছেন বাছাই থেকে। বাছাইয়ে অংশ নেওয়া ৫৫ প্রতিযোগীর মধ্যে সাফা বিন সাহিদ ৬২১ স্কোর নিয়ে ৩৮তম, সাজিদা হক ৬২০ দশমিক ৬ স্কোর নিয়ে ৪০তম এবং মেহনাজ শারমিন ৬১৯ দশমিক ১ স্কোর নিয়ে ৪৬তম হয়েছেন। 

শুটিংয়ে এমন বাজে স্কোরিং হওয়াটা অনুমেয়ই বলছেন রত্না, ‘আমি হতাশার কথা বলব না। যারা খেলেছেন, তারা অনুশীলনে এ রকমই করেন। অর্থাৎ তাদের মান এমনই। এর বেশি স্কোর করার সামর্থ্য এখন পর্যন্ত তাদের হয়নি।’

টেবিল টেনিসে চায়নিজ তাইপের বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সোনম সুলতানা সোমা ১১-৪, ১১-৩, ১১-২ ব্যবধানে ইয়েহ ই-তিয়ানের কাছে, নওরিন মাহি ১১-২, ১১-৪, ১১-১ গেমে চেং ই-চিংয়ের বিপক্ষে এবং তুশি সামান্তা ১১-৪, ১১-২, ১১-৭ ব্যবধানে পেং ইউ-হানের কাছে হেরেছেন। 

টেবিল টেনিসের পুরুষ দলগত বিভাগে কাজাখস্তানের বিপক্ষে পাত্তা পায়নি বাংলাদেশ। হেরেছে ৩-০ সেটে। দলের হয়ে খেলা হৃদয় মুহতাসিন ১১-৫, ১১-৪, ১১-৪, ইমরুল ইমন  ১১-৪, ১১-৭, ১১-৯ এবং রাম হিম লিয়ান বম ১১-৮, ১১-৫, ১৩-১১ ব্যবধানে হেরেছেন। নারী হকিতে চীনের কাছে ১৩-০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা। খুব বেশিদিন হয়নি আন্তর্জাতিক অঙ্গনে খেলছে নারী হকি দল। তবে চীনের কাছে এই হারটি তাদের জন্য শিক্ষা হয়েই থাকবে। মেয়েরা আসল বাস্তবতা বুঝেছেন। কারাতে পুরুষ ব্যক্তিগত কুমিত ৬০ কেজিতে মালয়েশিয়ার হারি সংকরের কাছে ৫-০ ব্যবধানে হেরেছেন বাংলাদেশের সিয়াম হোসেন। 

আরও পড়ুন

×