নেতিবাচক খবরেই নারী দলের ভরাডুবি, দাবি সারোয়ার ইমরানের
নারী ক্রিকেট দলের কোচ সারোয়ার ইমরান। ছবি-ফাইল
ক্রীড়া প্রতিবেদক (নাগোয়া) জাপান থেকে
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:১৩ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:১৫
সেই এশিয়া কাপ থেকেই মেয়েদের পারফরম্যান্স হতাশাজনক। প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি মেলাতে পারছেন না নিগার সুলতানা জোতিরা। বিশেষ করে প্রায় প্রতিটি ম্যাচেই ব্যাটিং ব্যর্থতায় ভুগতে হয়েছে বাংলাদেশের মেয়েদেরকে। মাঠের পারফরম্যান্সের সঙ্গে মাঠের বাইরের ইস্যুতেও টালমাটাল ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। দলের কোচ সারোয়ার ইমরানের সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানোর খবরসহ পুরো কোচিং স্টাফ বদলের গুঞ্জন ওঠে। একই সঙ্গে সমালোচনায় টি২০ নেতৃত্ব ছাড়েন নিগার সুলতানা।
বাইরের এসব নেতিবাচক ইস্যু দলের পারফরম্যান্সে প্রভাব পড়েছে বলে দাবি করেছেন নারী দলের কোচ সারোয়ার ইমরান। এশিয়ান গেমস ক্রিকেটে আজ করোগি অ্যাথলেটিক পার্কে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরে ব্রোঞ্জ পদক হাতছাড়া হয়েছে বাংলাদেশ নারী দলের। আর এই হারের পর সংবাদ মাধ্যমের সঙ্গে প্রায় পাঁচ মিনিট ধরে বলা কথায় নানান অভিযোগ তুলে ধরেছেন সারোয়ার। বিশেষ করে তার এবং দলের সমালোচনা করায় ক্ষুব্ধ হতে দেখা গেছে তাকে।
মঙ্গলবার ব্রোঞ্জের লড়াইয়ে ফ্লাট উইকেটে পাকিস্তানের ১৪৫ রানের টার্গেট তাড়া করতে পারেনি বাংলাদেশ। থামে ১১৪ রানে। পুরো ম্যাচে ব্যাটসম্যানদের মধ্যে দেখা যায়নি জয়ের কোনো তাড়না। এই বিষয়টি সামনে আনলে সারোয়ার ইমরান বললেন মেয়েদের আত্নবিশ্বাস নেই, ‘আমাদের আসলে সমস্যাটা শুরু হয়েছে এশিয়া কাপ থেকে। আমরা এশিয়া কাপে শ্রীলঙ্কার সাথে ক্লোজ ম্যাচ হারি। হারার পর থেকেই আমাদের বিভিন্ন জায়গা থেকে নানান নেতিবাচক খবর আসে। এমনকি আমরা ইন্দোনেশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দলের বিপক্ষেও ১২০ কিংবা ১৩০ রান করতে পারিনি। ওই জিনিসটা আমরা এশিয়ান গেমসে বয়ে বেড়াচ্ছি।’
সেই নেতিবাচক খবর কি সেটাও বলে দিয়েছেন বাংলাদেশ নারী দলের এ কোচ, ‘একটা টুর্নামেন্ট চলতেছে আপনি হেড কোচ আর অধিনায়ককে বাদ দিয়ে দিলেন। আমার সম্পর্কেই বলা হইতেছে, আমাকে রাখবে না, একে রাখবে না... এরকম। তো কীভাবে আপনি ভালো কিছু আশা করেন? নেতিবাচক খবর দলের ওপর, প্লেয়ারদের ওপর প্রভাব পড়তে পারে। আমার তাই মনে হয়। তবে জিততে না পারার জন্য এটা কোনো অজুহাত হতে পারে না। আমরা কিন্তু পারছি না। আপনি দেখেন, যেকোনো টিম সহজেই ছয় মারছে, আমাদের টিম কিন্তু পারছে না। যে আগে মারতো, এখন সে জায়গাতেও নেই। আমরা তো এই অবস্থায় ছিলাম না। বিশ্বকাপ কাপ খেলে আসছি ভালোভাবে। এখন হঠাৎ চেঞ্জ হয়ে গেছে। বিষয়টি তো আপনারা বুঝেন।’
নারী দলের কোচ হিসেবে সারোয়ার ইমরানের মেয়াদ অক্টোবর পর্যন্ত। জানা গেছে তার মেয়াদ আর বাড়াচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিষয়টি হয়তো বুজে গেছেন ইমরান। তাই নিজের ভেতরের কষ্টগুলো এবার প্রকাশে আনলেন তিনি। তবে ম্যাচে হারের জন্য পাওয়ার প্লেতে রান করতে না পারাকে সামনে এনেছেন সারোয়ার, ‘আমরা এখানে চীনের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলতে পারিনি, আবার আমরা হারলাম ভারতের সাথে এবং এটা কন্টিনিউ করতেছে। আজকে হয়তো আমরা যদি পাওয়ার প্লেতে ভালো ব্যাটিং করতে পারতাম, ম্যাচটা জেতা সম্ভব ছিল। ১৪৫ রান মানে পাওয়ার প্লেতে একটা মোটামুটি ৪০-৪৫ রান। তারপর ১৫ ওভারে ১০০ রান। আমরা পাওয়ার প্লেতে ২৪ রান করছে, যেটা অনেক পিছিয়ে পড়া। পাওয়ার প্লের রানটাই আমাদের হারিয়েছে।’
- বিষয় :
- এশিয়ান গেমস
- নারী ক্রিকেট
- সারোয়ার ইমরান