সূচি নিয়ে টানাপোড়েন, ফেডারেশন কাপের দুই ম্যাচ পেছাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:০৮
সূচি নিয়ে টানাপোড়েনের মধ্যেই ফেডারেশন কাপের শুরুতে এলো পরিবর্তন। ২০২৬-২৭ মৌসুমের ফেডারেশন কাপের উদ্বোধনী দিনের তিন ম্যাচের মধ্যে দুটি এক দিন করে পিছিয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে জানিয়েছে, মঙ্গলবার ওই দুই ম্যাচ হওয়ার কথা থাকলেও আগামীকাল একই ভেন্যুতে সেগুলো মাঠে গড়াবে। নতুন সূচি অনুযায়ী, মানিকগঞ্জ স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ এবং মুন্সিগঞ্জ স্টেডিয়ামে চট্টগ্রাম সিটি ও আবাহনীর ম্যাচ হবে আগামীকাল বিকেল ৩টায়। ফলে আজ শুধু গোপালগঞ্জে ফর্টিস এফসি ও ফকিরেরপুল ইয়াং মেন্স ক্লাবের ম্যাচ দিয়েই টুর্নামেন্ট শুরু হবে।
জাতীয় দলের আসিয়ান কাপ প্রস্তুতির কারণে সূচিতে এই পরিবর্তন এসেছে। এর আগে জাতীয় দলে খেলোয়াড় থাকায় মোহামেডান ও আবাহনী নিজেদের ম্যাচের সূচি পরিবর্তনের আবেদন করেছিল। মোহামেডানের আবেদন অনুমোদনের পর বাফুফের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিল ব্রাদার্স ইউনিয়ন। তাদের অভিযোগ ছিল, সূচি পরিবর্তনের ক্ষেত্রে সব দলের প্রতি একই নীতি অনুসরণ করা হচ্ছে না।
এমন পরিস্থিতির মধ্যেই ফেডারেশন কাপের দুটি ম্যাচ এক দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানাল বাফুফে।
- বিষয় :
- ফেডারেশন কাপ
- বাফুফে